নোয়াখালী জেলার বিছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার (৩১ মে) সকালে এনসিপির সদস্যরা নিঝুম দ্বীপে জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করে। এর আগে তারা হাতিয়ার বিভিন্ন ইউনিয়নেও এ ধরনের খাবার বিতরণ করে।
এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসুদের সহযোগিতায় এ কার্যক্রম সমন্বয় করছেন হাতিয়া উপজেলা এনসিপির সমন্বয়ক মো. ইউসুফ।
মো. ইউসুফ জানান, শুক্রবার (৩০ মে) তাদের সদস্যরা হাতিয়ার চরঈশ্বর, নলচিরা, সুখচর, তমরদ্দি ও সোনাদিয়ায় একযোগে খাবার বিতরণ করেন। প্রথম দিন প্রায় ৭০০ পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়। কোনো পূর্বপ্রস্তুতি ও তালিকা ছাড়াই সরাসরি ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরে ঘরে গিয়ে এনসিপির সদস্যরা এ সব খাবার পৌঁছে দেন। এতে প্রতিটি পরিবারকে দুই কেজি মুড়ি, এক কেজি চিড়া, চানাচুর, বিস্কুট ও দুটি খাওয়ার স্যালাইনের একটি করে প্যাকেট দেওয়া হয়।
তিনি আরও জানান, হাতিয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হলো নিঝুম দ্বীপ। শুক্রবার সকাল থেকেই এনসিপির সদস্যরা নিঝুম দ্বীপের বিভিন্ন এলাকায় এই ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এ উদ্দেশ্যে ট্রলারবোঝাই করে সকালে ১৫ জনের একটি টিম মালামাল নিয়ে নিঝুম দ্বীপে পৌঁছায়।
সাকিব/রিফাত/