মৌলভীবাজারের বড়লেখায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে সাহেদ হোসেন সুমন (২৬) ও রুমন আহমদ (২৪) নামে দুইভাই নিহত হয়েছেন।
শনিবার (৭ জুন) বিকেলে বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক সড়কের কাঠালতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বড়লেখা পৌরসভার মহুবন্দ গ্রামের বাসিন্দা আলাউদ্দিনের ছেলে।
নিহতদের মধ্যে সুমন ছিলেন সৌদি প্রবাসী। কয়েকমাস আগেই দেশে ফিরে বিয়ে করেছিলেন তিনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে কোরবানির গরুর মাংস শ্বশুরবাড়িতে পৌঁছে দিতে ছোট ভাই রুমনকে নিয়ে মোটরসাইকেলে করে দক্ষিণভাগের দিকে যান সুমন। পথে কাঠালতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই সুমন মারা যান এবং ছোট ভাই রুমন গুরুতর আহত হন। স্থানীয়রা রুমনকে উদ্ধার করে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুমনের মৃত্যু হয়।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম সরকার খবরের কাগজকে বলেন, ‘দুর্ঘটনার পর প্রাইভেটকারটির চালক পালিয়ে গেছেন। তবে গাড়িটি জব্দ করা হয়েছে।’
পুলক/পপি/