জামালপুর পৌর এলাকার বেসরকারি প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষের গাফিলতির কারণে ১৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারার বিষয়ে সত্যতা পেয়ে শুক্রবার (২৭ জুন) দুপুরে কলেজের কার্যক্রম বন্ধ করে দিয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। এদিকে, প্রতিষ্ঠানের ভাবমুর্তি ক্ষুণ্ন কারার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষকরা।
বৃহস্পতিবার (২৬ জুন) জামালপুরে প্রবেশপত্র না পেয়ে ১৭ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ না নিতে পারায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হলে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।
শুক্রবার (২৭ জুন) সকালে ডিপুটি কন্ট্রোলার ডা. কমাল হাসান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক, আবু সায়েম মোহাম্মদ হাসান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহের উপ-কলেজ পরিদর্শন, এমএমএ জামিল সরকার, জেলা প্রশাসক জামালপুরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, শাহারিয়ার আহমেদ খান, জেলা শিক্ষা অফিসার এসএম মোজাম্মেল হাসান। মোট ৫ সদস্যের একটি তদন্ত দল জামালপুরের প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজে গিয়ে গাফিলতির বিষয়ে তদন্ত করে।
তদন্ত শেষে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ডেপুটি কন্ট্রোলার ড. কামাল হাসান বলেন, প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত অনুমোদন থাকলেও দীর্ঘদিন যাবৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগে পাঠদান করে আসছিল প্রতিষ্ঠানটি। তাই আজ থেকে প্রতিষ্ঠানটির প্রাথমিক ছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ১৭ শিক্ষার্থীর পরীক্ষার বিষয়ে বোর্ড সিদ্ধান্ত নিবে বলে জানান তিনি।
এদিকে, শুক্রবার বিকালে প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষকরা কলেজে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে কলেজে অধ্যক্ষ রেজাউল ইসলাম বলেন, ‘কলেজ কর্তৃপক্ষ নয়, শিক্ষার্থীদের গাফিলতি ছিল। তাই তারা রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র পায়নি। প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরীক্ষা না দিতে পারার বিষয়টি প্রচার করা হয়েছে।’
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ ১৭ জন এইচএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র দিতে না পারায় পরীক্ষায় অংশ নিতে পারেনি পরীক্ষার্থীরা।
আসমাউল আসিফ/মাহফুজ