সুনামগঞ্জ পৌর শহরের একটি ক্লিনিকে ঢুকে গোলাম রব্বানী সোহাগ (৩০) নামে এক চিকিৎসকের ওপর হামলা ও ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে রায়হান উদ্দিন নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে। আহত চিকিৎসক সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেল চারটার দিকে শহরের আনিসা হেলথ কেয়ার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।
আহত চিকিৎসক গোলাম রব্বানী জানান, তিনি বিকেলে ক্লিনিকে রায়হান উদ্দিনের স্ত্রীর আলট্রাসনোগ্রাম করছিলেন। এ সময় রায়হান আলট্রাসনোগ্রাম কক্ষের সামনে দাঁড়িয়ে ছিলেন। তাকে দরজার সামনে থেকে সরে যেতে অনুরোধ করলে তিনি তর্ক জুড়ে দেন। পরে ক্লিনিকের অন্যরা তাকে শান্ত করেন। এর পর রায়হান ও তার স্ত্রী আলট্রাসনোগ্রাম শেষে চলে যান। তবে কিছুক্ষণ পর রায়হান আরেকজনকে সঙ্গে নিয়ে এসে চিকিৎসকের কক্ষে ঢুকে ‘সরি’ বলতে বলেন। সরি বলতে অপারগতা প্রকাশ করার একপর্যায়ে দুজন মিলে ভুক্তভোগীকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। তখন তিনি মেঝেতে পড়ে গেলে তাকে ছুরিকাঘাত করা হয়। এ সময় তার চিৎকারে ক্লিনিকের অন্যরা ছুটে আসলে রায়হান ও তার সঙ্গী সেখান থেকে চলে যান।
এ ব্যাপারে কথা বলার জন্য মো. রায়হান উদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করলে সেটি বন্ধ পাওয়া যায়।
তবে তিনি তার ফেসবুক আইডিতে এ বিষয়ে একটি পোস্ট দিয়ে বলেছেন, 'তিনি তার স্ত্রীকে নিয়ে ওই ক্লিনিকে গিয়েছিলেন। আলট্রাসনোগ্রাম কক্ষের সামনে তারা দুঘণ্টা অপেক্ষা করেন। একপর্যায়ে বিষয়টি নিয়ে সেখানে দায়িত্বে থাকা একজনের সঙ্গে কথা বলতে গেলে ওই চিকিৎসক উত্তেজিত হয়ে তার ওপর আক্রমণ করেন। পরে দুজনের মধ্যে হাতাহাতি হয়েছে।'
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
দেওয়ান গিয়াস/রিফাত/