চট্টগ্রাম মহানগরের মোহরা এলাকায় বালু ব্যবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টায় জড়িত প্রধান আসামি মো. নুরুল হককে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২ আগস্ট) রাতে চান্দগাঁও থানাধীন মোহরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নুরুল হক কক্সবাজার সদরের মধ্যম নুনিয়ারছড়া এলাকার বাসিন্দা।
রবিবার (৩ আগস্ট) দুপুরে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ১ আগস্ট রাতে নগরের উত্তর মোহরা এলাকার বালু ব্যবসায়ী মো. ইউনুছ খান মোহরার কামাল বাজার এলাকা থেকে তার ব্যবসায়িক কাজ শেষে সিএনজিচালিত রিকশা যোগে বাড়ির উদ্দেশে রওয়ানা হন। তিনি চান্দগাঁও থানাধীন উত্তর মোহরা আকবর আলী সুকানীর বাড়ি হাবিবুল্লাহ চৌধুরী সড়কে (তার বসত বাড়ির সামনে) পৌঁছালে নুরুলসহ তার সহযোগীরা দুটি মোটরসাইকেলযোগে এসে ওই ব্যবসায়ীকে এলোপাতাড়ি গুলি করে গুরুতর আহত করেন। ভুক্তভোগী ইউনুছ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, রবিবার মোহরা এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার সকালে ভুক্তভোগীর স্ত্রী খোদেজা বেগম বাদী হয়ে চান্দগাঁও থানায় মামলা করেন।
রিফাত/