ময়মনসিংহের গফরগাঁওয়ে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. আলামিন (৩০) নামে এক ইমামকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে ময়মনসিংহ র্যাব-১৪ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাত ১২টার দিকে সিলেট সদর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. আলামিন গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার মৃত আবুল কালাম আজাদের ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদে ইমাম হিসেবে কর্মরত ছিলেন।
র্যাব জানায়, গত তিন মাস ধরে ওই মসজিদে শিশু-কিশোরদের মক্তবে ধর্মীয় শিক্ষা দিতেন আলামিন। ৩১ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে অন্যান্য শিশুদের ছুটি দেওয়ার পর আলামিন ভুক্তভোগী শিশুটিকে মাদ্রাসার একটি কক্ষ থেকে ঝাড়ু আনতে পাঠান। শিশুটি কক্ষে প্রবেশ করলে আলামিন তার পিছু নিয়ে সেখানে প্রবেশ করেন এবং দরজা বন্ধ করে দেন। এরপর শিশুটির মুখ চেপে ধরে তাকে মেরে ফেলার হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। ঘটনার পর শিশুটি বাড়িতে ফিরে তার বাবা-মাকে বিষয়টি জানায়। পরদিন ১ আগস্ট শিশুটির মা বাদী হয়ে পাগলা থানায় আলামিনের বিরুদ্ধে মামলা করেন।
এ বিষয়ে ময়মনসিংহ র্যাব-১৪ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় আলামিনের অবস্থান শনাক্ত করে র্যাব-৯ এর সহযোগিতায় গ্রেপ্তার করা হয়। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’
কামরুজ্জামান মিন্টু/সুমন/