ময়মনসিংহের গফরগাঁওয়ে রেলপথ অবরোধের আড়াই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে রেল চলাচল স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা রেলপথ থেকে সরে গেলে এই রুটে রেল চলাচল শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন, ‘শিশু সাদাব হোসেন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে। প্রশাসনের এমন আশ্বাসের পর বিকেল সাড়ে তিনটার দিকে রেলপথ থেকে সরে যায় শিক্ষার্থীরা। এ সময় আটকে থাকা যাত্রীবাহী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি জামালপুরের উদ্দেশ্যে রওনা দিলে ঢাকা-ময়মনসিংহে রেল চলাচল স্বাভাবিক হয়।’
এর আগে গত ১১ জুলাই দুপুরে নিখোঁজ হয় সাদাব। সে গফরগাঁওয়ের পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে নানাবাড়িতে থাকত। এরপর ১৫ জুলাই সকালে বাড়ি থেকে দেড়শ গজ দূরের একটি পুকুরে ওই শিশুর মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ।
শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে উল্লেখ করে থানায় মামলা হয়। হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বৃহস্পতিবার দুপুর একটার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনে যাত্রীবাহী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি আটকে দেয় শিক্ষার্থীরা।
কামরুজ্জামান মিন্টু/সুমন/