পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রকল্পে কর্মরত এক রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে পৌর শহরের পূর্ব টেংরি জিগাতলা এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রাশিয়ান নাগরিকের নাম কারপোভ ক্রিল (২৬)। তিনি রূপপুর প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ইএসকেএম কোম্পানির ইলেকট্রিশিয়ান ছিলেন।
ঈশ্বরদী থানা সুত্রে জানা গেছে, কারপোভ ক্রিল শহরের জিগাতলা এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করতেন। তিনি ওই বাড়ির পঞ্চম তলার একটি ফ্ল্যাটে একাই থাকতেন। শনিবার রাশিয়া থেকে তার পরিবারের সদস্যরা ক্রিলের মোবাইলে বারবার ফোন করলেও তার সাড়া পাননি। পরে তারা নিরাপত্তায় নিয়োজিত কোম্পানির কর্মকর্তাকে বিষয়টি জানান।
পরে দোভাষী নিরাপত্তা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাশের ফ্ল্যাটের আরেক রাশিয়ান নাগরিককে নিয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ক্রিলকে বিছানায় উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। খবর দেওয়া হলে রাশিয়ান চিকিৎসক এসে ক্রিলকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান,মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে মৃত্যুর কারণ।
জাহাঙ্গীর হোসেন/অমিয়/