সিলেটে গায়ে পেট্রল ঢেলে আগুন দিয়ে রিকশাচালক মো. মনসুর মিয়ার (৩৬) আত্মহত্যা পারিবারিক অশান্তির কারণে ঘটেছে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া সেল।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে খবরের কাগজকে এসএমপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।
এর আগে খবরের কাগজের অনলাইন সংস্করণে প্রকাশিত “সিলেটে ‘পুলিশের ধরপাকড়ে’ আগুনে আত্মাহুতি রিকশাচালকের!” শিরোনাম একটি সংবাদ প্রকাশ হয়। প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে এসএমপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।
প্রকাশিত প্রতিবেদনে স্থানীয় কয়েক লোকের ধারণা করা কথা উদ্ধৃত করে বলা হয়েছিল, নগরীতে ব্যাটারিচালিত রিকশাসহ অবৈধ যানবাহন চলাচলের বিরুদ্ধে চলমান অভিযানে রিকশাচালক মো. মনসুর এভাবে আত্মহত্যা করে থাকতে পারেন। পুলিশ এ বিষয়টি তদন্ত করে দেখেছে মনুসর ব্যাটারিচালিত নয়, প্যাডেলচালিত রিকশার চালক। পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রাথমিকভাবে পারিবারিক অশান্তির বিষয়ে নিশ্চিত হয়েছে।
এ সম্পর্কে এসএমপির মিডিয়া সেল থেকে পাঠানো প্রেসনোটে বলা হয়, ‘পারিবারিক কলহের জেরে গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন প্যাডেলচালিত রিকশাচালক মনসুর। পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য ও পারিবারিক অশান্তির কারণে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।’
পুলিশের প্রাথমিক তদন্তের বিষয়টি নিশ্চিত করে এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘রিকশাচালকের স্ত্রী ঢাকায় থেকে গার্মেন্টসে চাকরি করেন। তাদের মধ্যে প্রায় ঝগড়া হতো। এর মধ্যে ঘটনার দিনও মোবাইল ফোনে ঝগড়া হয়েছে বলে পুলিশের তদন্তে নিশ্চিত হওয়া গেছে। আত্মহত্যার ঘটনাটি তাদের পারিবারিক কলহে ঘটেছে বলে তদন্তে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। যেহেতু তিনি (মনসুর) প্যাডেলচালিত রিকশার চালক, তাই চলমান ব্যাটরিচালিত রিকশাসহ অবৈধ যানবাহনবিরোধী অভিযানের সঙ্গে এ ঘটনার কোনো যোগসূত্র পাওয়া যায়নি। তাছাড়া, মরদেহের পাশ থেকে তার চালানো প্যাডেলচালিত রিকশাটি উদ্ধার করা হয়েছে।’
প্রসঙ্গত, মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে সিলেট নগরের মিরাবাজার এলাকার রিজভী মিয়ার গ্যারেজ থেকে রিকশা নিয়ে বের হয়েছিলেন মনসুর। পরে তিনি নিজের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। রাস্তার এক পাশে আগুনে পোড়া মরদেহ দেখে স্থানীয়রা বিষয়টি জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এর মাধ্যমে পুলিশকে অবহিত করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মনসুরের মরদেহ উদ্ধার করে। তার বাড়ি জয়পুরহাট জেলার বড় বানিয়াতুল গ্রামে। বাবার নাম জামিউল ইসলাম।
এসজি/