জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদ ভাঙনের শিকার ক্ষতিগ্রস্থরা ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পোল্যাকান্দি মধ্যপাড়া এলাকায় ভাঙন কবলিত ব্রহ্মপুত্র নদের পাড়ে যমুনা, ব্রহ্মপুত্র, জিঞ্জিরামসহ অন্যান্য নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন স্থানীয় ভুক্তভোগীরা।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে ভাঙনে ক্ষতিগ্রস্থ আ.ন.ম মুসা আলমের সভাপতিত্বে বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য হাসমত আলী, কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুন নবী উজ্জ্বল, পোল্যাকান্দি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আইয়ুব আলী, দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, প্রতিনিয়ত নদী ভাঙনের ফলে মানুষ নিঃস্ব হয়ে গেলেও সরকার এর কোনো ব্যবস্থা নিচ্ছে না। ইতোমধ্যেই উপজেলার পোল্যাকান্দি মধ্যপাড়া, ফারাজীপাড়া, সরদারপাড়া, বাহাদুরাবাদ এলাকার বহু বসতি ও স্থাপনা বিলীন হয়ে গেছে, অনেক স্থাপনা হুমকির মুখে। কিন্তু ভাঙন প্রতিরোধে সরকারের পক্ষ থেকে কোনো জরুরি পদক্ষেপ নেই। গত প্রায় দুই মাস ধরে ব্রহ্মপুত্র নদের ভাঙনে প্রায় অর্ধশত বাড়িঘরসহ অন্যান্য স্থাপনা বিলীন হয়ে গেছে।
অনেকেই তাদের শেষ সম্বলটুকু নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। এখনই যদি ভাঙন মোকাবেলায় ব্যবস্থা নেওয়া না হয় তবে অচিরেই আরও অনেক ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়বে। ভাঙন প্রতিরোধে জরুরী ভিত্তিতে বালুভর্তি জিও ব্যাগ ফেলা ও স্থায়ীভাবে নদীর পাড়ে বাঁধ নির্মাণের দাবি জানান বক্তারা।
আসমাউল/নাঈম