মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীর তীরবর্তী এলাকা- গাঁওদিয়া ইউনিয়নের শ্যামুবাড়ি গ্রামে কয়েক দিন ধরে লোকালয়ে কুমির উঠে আসার খবরে আতঙ্ক বিরাজ করছে।
সামুরবাড়ি গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, গ্রামের একটি পুকুর পাড়ে অন্তত দুটি কুমির দেখা গেছে। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। কৌতূহলী হয়ে পুকুর পাড়ে ভিড় করছেন স্কুলশিক্ষার্থী ও আশপাশের এলাকার বহু মানুষ।
স্থানীয় যুবক মো. হায়াৎ হোসেন ও মো. রানা ওরফে মধু জানান, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে পথচারীরা পুকুরপাড় দিয়ে যাওয়ার সময় গোঁয়ালঘরের কাছে একটি কুমির দেখতে পান। আতঙ্কিত হয়ে তারা চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে টর্চলাইটের আলোতে কুমিরটির ছবি তোলার চেষ্টা করলে কুমিরটি ধীরে ধীরে পুকুর পাড় থেকে নদীর দিকে চলে যায়।
স্থানীয় গৃহবধূ সালিনা বেগম বলেন, “রাতে গোঁয়ালঘরের পাশে কুমির দেখতে পাই। ছবি তুলতে গেলে সেটা পুকুরপাড় থেকে সরে যায়।”
এ ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।
এ বিষয়ে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন বলেন, স্থানীয়রা কুমির দেখার বিষয়টি জানিয়েছে। এ বিষয়ে বন্যপ্রাণী সংরক্ষণ টিমকে খবর দেওয়া হয়েছে। তারা পৌঁছালে প্রাণীটি রেসকিউ করা হবে।
মেহেদী/