চট্টগ্রামের মিরসরাইয়ের করেরহাটে পিকআপ ও সিএনজিচালিত রিকশার সংঘর্ষে মা-ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরও ২ জনকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) বেলা ৩টার দিকে উপজেলার করেরহাট-রামগড় সড়কের ফরেস্ট অফিসের মুখে এ দুর্ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন- ফটিকছড়ির মোহাম্মদপুর এলাকার জাকির হোসেনের স্ত্রী রাবেয়া খাতুন (৪০) ও তার ছেলে মো. হোসাইন (১২)।
প্রত্যক্ষদর্শী জানান, সিএনজি অটোরিকশা গাড়িটি করেরহাট থেকে রামগড় যাচ্ছিল। ফরেস্ট অফিসের সামনে
নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়। এতে সড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে গাড়ি চলাচল সচল করে।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নূরে আলম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘাটনা কবলিত গাড়ি থানা হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ইকবাল/মেহেদী/