মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলাধীন মেঘনা নদীতে অবৈধ একটি বালুমহাল চালু হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, অবৈধ বালুমহাল পরিচালনাকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে প্রশাসন। প্রয়োজনে প্রতিদিন সেখানে অভিযান চালানো হবে বলে জানান তিনি।
জানা গেছে, উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রাম-সংলগ্ন নদীতে গত বছর একটি বালুমহাল পরিচালনা করত নয়ন-পিয়াস বাহিনীর লোকজন। তবে, সম্প্রতি ইউনিয়নটির জামালপুর গ্রামে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প চালু হওয়ার পর নদীর ওই অংশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন আপাতত বন্ধ রয়েছে। এদিকে বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, গত রবিবার রাত থেকে মেঘনা নদীর কালীপুরা-মল্লিকের চর গ্রামের মাঝামাঝি একটি জায়গায় রাতের আঁধারে ড্রেজার দিয়ে বালু উত্তোলন শুরু করেছে একটি চক্র। নদীর এই অংশে বৈধ কোনো বালুমহাল নেই। তবে কারা এর সঙ্গে জড়িত তা সঠিকভাবে জানা যায়নি।
সরেজমিনে নদীর কালীপুরা এলাকায় গিয়ে দেখা গেছে, সেখানে কোনো বাল্কহেড বা ড্রেজার নেই। স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যানুযায়ী, অবৈধ বালু উত্তোলনকারীরা গত সোমবার সকাল ৯টা পর্যন্ত এই স্থানে ছিল। অবৈধ বালু উত্তোলনকারীরা মূলত রাতের বেলায় এই এলাকায় আসে। দিনের আলোতে ড্রেজার ও বাল্কহেডগুলো আশপাশে কোথাও ভেড়ানো থাকে। রাত নামলে সেগুলো বালু উত্তোলনের নির্ধারিত জায়গায় নিয়ে আসা হয়। রাতভর বালু উত্তোলনের কাজ শেষে ভোরে সেগুলো আগের জায়গায় রেখে চলে যায়। দিনের বেলায় বোঝার উপায় থাকে না এখানে কোনো বালুমহাল ছিল।
নাম প্রকাশ না করার শর্তে মল্লিকের চর গ্রামের এক বাসিন্দা বলেন, ‘শুনেছি মল্লিকের চর গ্রামের জসিম মেম্বার কয়েকদিন ধরে একটি অবৈধ বালুমহাল চালু করার ব্যাপারে বিভিন্ন জায়গায় মিটিং করছিল। গত রবিবার রাতের আঁধারের অবৈধ একটি মহালটি চালু হয়েছে। জসিম মেম্বারের সঙ্গে আর কে কে আছেন তা বলতে পারব না। দীর্ঘদিন বন্ধ থাকার পর মাত্র একদিন হয়েছে বালুমহালটি চালু হয়েছে। আরও কয়েকদিন গেলে বুঝতে পারব কারা এর সঙ্গে জড়িত।’
স্থানীয় বাসিন্দা সেলিম আহমেদ বলেন, ‘নদীর এই অংশে অবৈধ একটি বালুমহাল পরিচালনা করত নৌ ডাকাত সর্দার বাবলা। গত বছরের অক্টোবর মাসে প্রতিপক্ষের গুলিতে ডাকাত সর্দার বাবলা মারা যাওয়ার পর থেকে নদীর এই অংশে থেকে অবৈধভাবে কেউ বালু উত্তোলন করার সাহস পাইনি।’
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন, ‘এরকম কোনো খবর আমার কাছে নেই। তবে আপনারা যেহেতু বিষয়টি জানিয়েছেন, আমি নৌ পুলিশকে এ ব্যাপারে সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দেব।’
গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে এরকম একটি খবর আমিও পেয়েছি। তবে কারা এর সঙ্গে জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি। ইতোমধ্যে আমরা নদীতে অভিযান পরিচালনা করে একটি বাল্কহেড ও একটি ড্রেজার আটক করেছি। যদি কেউ রাতের আঁধারে অবৈধভাবে মেঘনা নদী থেকে বালু উত্তোলন করার চিন্তা করে থাকে তাদের ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজন পড়লে প্রতি রাতে আমরা অভিযান পরিচালনা করব।’