নারায়ণগঞ্জের রূপগঞ্জে চার মাসের বকেয়া বেতনের দাবিতে এএসবিআরএম নামের একটি স্টিল মিলের শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ ও বিক্ষোভ করেছেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে উপজেলার তারাব পৌরসভার ৬নং ওয়ার্ডের বরপা এলাকায় কারখানার সামনে ঢাকা-সিলেট মহাসড়কে তারা এ বিক্ষোভ করেন।
এ সময় সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা। এতে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, গত জুলাই মাস থেকে চার মাসের বেতন বকেয়া রয়েছে। এএসবিআরএম স্টিল মিল কর্তৃপক্ষ বেতন দেওয়ার আশ্বাস দিলেও নানা টালবাহানায় তা পরিশোধ করেনি। আজও বেতন দেওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ বেতন পরিশোধ করেনি। এ কারণে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
পরে প্রশাসন ও স্থানীয় বিএনপি নেতাদের উপস্থিতিতে কারখানার মালিক আবুল কালাম বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।
রুবেল শিকদার/রিফাত/