কলেজে ভর্তি হওয়ার পর এবার সিলেটের চা বাগানের শ্রমিকদের সন্তানরা পাঠ্যবই উপহার পেয়েছে।
সোমবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় মানবিক টিম সিলেট নামক একটি সেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) কার্যালয়ে ১০ জন শিক্ষার্থীকে কলেজের পাঠ্যবই দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আশরাফুল কবির, সাধারণ সম্পাদক সাকিব আহমেদ মিঠু, সিলেট উইমেনস জানালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক শাকিলা ববি, মানবিক টিম সিলেটের সদস্য শেখ আল মারজান, এথনিক কমিউনিটি ডেভলাপমেন্ট অর্গানাইজেশনের (একডো) প্রকল্প সমন্বয়কারী মোমতাহিনুর চৌধুরী।
পাঠ্যবই পেয়েছে সুস্মিতা দাস, ঝর্ণা নায়েক, শ্রীমা মুন্ডা, সীমানা নায়েক, অজিত গঞ্জু, শিল্পী গঞ্জু, শ্রাবন্তি দাস, মিতু দাস, অন্তরা গঞ্জু ও দীপা মাল।
পাঠ্যবই হাতে পেয়ে তারা উচ্ছাস প্রকাশ করে।
মদন মোহন কলেজে ভর্তি হওয়া অজিত গঞ্জু বলেন, আমাদের সৌভাগ্য যে আমরা আপনাদের সাহায্য পেয়েছি। আপনারা সবাই মিলে সাহায্য না করলে হয়তো আমরা কেউই কলেজে ভর্তি হতে পারতাম না।
শিক্ষার্থী শ্রীমা মুন্ডা বলে, যে সব মিডিয়া আমাদের কলেজে ভর্তি হওয়া নিয়ে সংবাদ প্রকাশ করেছিল, আমারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ মিডিয়ার কারণেই মানুষ আমাদের সমস্যা জানতে পেরেছেন। আমাদের স্কুলের বকেয়া, কলেজে ভর্তি ফি, বই, কলেজ ইউনিফর্ম ব্যবস্থা হয়ে গেছে। আমাদের দেখে এখন চা বাগানের অন্য বাচ্চারাও পড়ালেখায় আগ্রহী হয়ে উঠেছে।
উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর ‘টাকার অভাবে কলেজে ভর্তি হতে পারছে না ১১ চা শ্রমিক সন্তান’ শিরোনামে একটি মাল্টিমিডিয়া লাইভ করা হয় খবরের কাগজের পেইজে। এবং ১১ সেপ্টেম্বর এই শিরোনামে একটি অনলাইন নিউজ প্রকাশ করা হয়। এই সংবাদের পরই শিক্ষার্থীদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় শিক্ষা নিয়ে কাজ করা সংগঠন আকবেট, এডুকেশন ফর চেইঞ্জ ও মানবিক টিম সিলেট।
এরপর গত ১৩ সেপ্টেম্বর বিকালে সিলেট সদর উপজেলা সভাকক্ষে শিক্ষার্থীদের কাছে আনুষ্ঠানিকভাবে টাকা হস্তান্তর করে আকবেট, এডুকেশন ফর চেইঞ্জ। আটজন ছাত্রী এবং একজন ছাত্রসহ মোট ৯ জন চা শ্রমিক শিক্ষার্থীর হাতে এই ভর্তির টাকা তুলে দেওয়া হয়। এ ভর্তির টাকা হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খুশনূর রুবায়েত।
এ ছাড়াও অনেক মানুষ নাম প্রকাশ না করে শিক্ষার্থীদের বিভিন্ন সহযোগিতা করেছেন। তাদের অনুদানে ২৫ সেপ্টেম্বর এই ১০ শিক্ষার্থীকে কলেজ ইউনিফর্ম উপহার দেওয়া হয়।
অমিয়/