ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ হাসপাতালে দালাল দৌরাত্ম্য, অনিয়ম দুর্নীতি ও সিন্ডিকেট বিরোধী মানববন্ধনে এনসিপির এমপি প্রার্থী মোজাম্মেল হকসহ মানববন্ধনকারীদের ওপর হামলার ঘটনায় মোজাম্মেল হক বাদী হয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসাইনসহ ২১ জনকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, ১২ নভেম্বর বুধবার ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পূর্ব ঘোষিত সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত মানববন্ধনের প্রস্তুতিকালে অতর্কিত হামলার ঘটনা ঘটে। এতে এনসিপির উপজেলার প্রধান সমন্বয়কারী ও দলীয় মনোনীত এমপি প্রার্থী মোজাম্মেল হক, সমন্বয় কমিটির সদস্য প্রভাষক মাসুম বিল্লাহ্সহ আরও বেশ ক’জন হামলার শিকার হন।
হামলায় মোজাম্মেল হকের বাম হাত ভেঙে যাওয়ায় তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস বিভাগে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনায় মোজাম্মেল হক বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ করে ও ১০ থেকে ১২ জনকে অজ্ঞাত আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ওই ঘটনার প্রেক্ষিতে হাসপাতালের নিরাপত্তা প্রহরী শাকিল ও রবি নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ওসি ওবায়দুর রহমান জানান, মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ফয়সল/মাহফুজ