মৌলভীবাজারের শ্রীমঙ্গলের তৃতীয় লিঙ্গের মডেল জারা ইসলামের নামে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে মডেল জারা ইসলাম শ্রীমঙ্গল থানায় তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চলমান অপপ্রচার এবং বিভিন্ন ফেসবুক আইডি থেকে প্রাপ্ত হুমকি সম্পর্কে সাধারণ ডায়েরি করেন।
জিডিতে জারা অভিযোগ করেন, গত ১৪ নভেম্বর ‘Surma Edition (সুরমা এডিশন)’ নামে একটি ফেসবুক পেজ থেকে তার ও তার বন্ধু কেয়া সিনহার বিভিন্ন ছবি ও ভিডিও এডিট করে ভয়েস যোগ করে ওই পেজে একটি ভিডিও আপলোড করা হয়েছে। এছাড়া বিভিন্ন নাম্বার থেকে তার হোয়াটসঅ্যাপে হুমকি-ধর্মী বার্তা পাঠানো হচ্ছে।
মডেল জারা জানান, তিনি শ্রীমঙ্গলে একটি বিউটি পার্লার পরিচালনা করেন। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে মডেলিং করার সুবাদে দেশব্যাপী তার একটি পরিচিতি রয়েছে। তিনি ছাত্র ইউনিয়ন শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি। তৃতীয় লিঙ্গের একজন অবহেলিত মানুষ হিসেবে সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন। তার মতে, তিনি মডেলিংয়ে সফল হওয়ায় একটি মহল তার বিরুদ্ধে লেগে আছে এবং তার সম্মানহানি করছে। তিনি এসব সাইবার অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
শ্রীমঙ্গল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নাহিদুর রহমান বলেন, এ ব্যাপারে একটি জিডি পাওয়া গেছে। সংশ্লিষ্ট আইডি শনাক্তের চেষ্টা চলছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শুভ/রিফাত/