চট্টগ্রামের আনোয়ারায় মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে (২৪) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।
উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে প্রায় এক মাস ধরে মানসিক প্রতিবন্ধী এই তরুণীকে ঘোরাফেরা করতে দেখছেন স্থানীয়রা। গুরুতর আহতাবস্থায় রবিবার (১৬ নভেম্বর) তাকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি করেছে। অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। তারা বলেন, এ ধরনের নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে এলাকায় নিরাপত্তাহীনতা বাড়তে থাকবে।
স্থানীয় গ্রাম পুলিশ জসিম উদ্দিন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর নির্দেশনায় ভুক্তভোগী নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছি। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন।
জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. মাহতাবউদ্দিন চৌধুরী জানান, রবিবার দুপুরে মানসিক প্রতিবন্ধী নারীকে হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আমরা পরে তাকে পুলিশের মাধ্যমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠিয়েছি।
ধর্ষণের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানান আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, স্থানীয়রা আমাকে বিষয়টি জানালে ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে বলেছি এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আতিকুল হা-মীম/এসএন