সরকারি হাসপাতালের ওষুধ খোলাবাজারে বিক্রির মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি আবদুল নূরকে (৮০) ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত ও চট্টগ্রাম মহানগর স্পেশাল ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম সিরাজাম মুনীরা এই রায় দেন। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চারজন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে সরকারি হাসপাতালের ওষুধ খোলাবাজারে বিক্রির মামলায় অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই আবদুল নূর নামক আসামিকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এসময় আসামী অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার নথি থেকে জানা গেছে, ২০১৩ সালের ২৫ মার্চ চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী থানাধীন কে.সি.দে রোড সিনেমা প্যালেসের মেইন গেটের সামনে থেকে আবদুল নূরকে গ্রেপ্তার করা হয়। আবদুল নূর নগরীর দামপাড়া এলাকার আবদুল মোতালেবের ছেলে। সেদিন নুরের হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে বিভিন্ন ধরনের সরকারি হাসপাতালের ওষুধ উদ্ধার করা হয়। জব্দকৃত ওষুধ কালোবাজারির উদ্দেশ্যে সংগ্রহ করে বিক্রির জন্য তিনি নিজ হেফাজতে রেখেছেন বলে পুলিশের কাছে স্বীকার করেন। কোতোয়ালী থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) কাজী মাসুদ ইবনে আনোয়ার বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। মামলা তদন্ত শেষে ২০১৩ সালের ১৮ আগস্ট আদালতে অভিযোগপত্র দেন কোতোয়ালী থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন ভূঁইয়া। ২০১৪ সালের ১১ মার্চ ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক। তবে এর আগে আবদুল নূর তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় জামিন নিয়ে পরবর্তীতে পালিয়ে যান। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রায়ের পর আসামীর বিরুদ্ধে সাজামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
এসএন/