সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাঙামাটি। কোটা বাতিলসহ ৬ দফা দাবিতে নতুন করে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে কোটাবিরোধী ঐক্যজোট।
এর আগে ২১ নভেম্বর শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে ২০ নভেম্বর থেকে টানা ৩৬ ঘণ্টার হরতাল কর্মসুচি দিয়েছিল বৈষম্যবিরোধী এই শিক্ষার্থীরা।
সোমবার (২৪ নভেম্বর) সকাল ৯টা থেকে জেলা পরিষদের মূল ফটক বন্ধ করে ব্যানার টানিয়ে দিয়ে তার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা।
জেলা পরিষদের চেয়ারম্যান, সদস্য ও কর্মকর্তাদের এ সময় কার্যালয়টিতে প্রবেশ করতে দেখা যায়নি।
তবে আগে থেকেই মূল ফটকের অভ্যন্তরে পুলিশ সতর্ক অবস্থান নেয়।
এর আগে হরতাল কর্মসুচির মুখে রাঙামাটি জেলা পরিষদ ওই নিয়োগ পরীক্ষা চতুর্থবারের মতো স্থগিত ঘোষণা করে। এর জেরে ৮ ঘণ্টা পরেই হরতাল স্থগিত করেন আন্দোলনকারীরা। তবে ৬ দফা দাবিতে আন্দোলন চালিয়ে নেওয়ার ঘোষণা দেয় সংগঠনটি।
৬ দফা দাবি আদায়ে জেলা পরিষদ চেয়ারম্যানকে শনিবার বিকেল ৫টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয় কিন্তু সুরাহা না আসায় আজ থেকে জেলা পরিষদ অনির্দিষ্টকালের কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছে।
দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
আন্দোলনকারী শিক্ষার্থী ইমাম হোসেন ইমু বলেন, আমরা কয়েকদিন ধরে লাগাতার কর্মসুচি পালন করে আসছি, যেন চাকরিপ্রার্থীরা মেধার ভিত্তিতে যোগ্য স্থানে নিয়োগ পান। এই নিয়োগ প্রক্রিয়া কোটা প্রথা বাতিল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
সর্বশেষ জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সারাদেশের মতো নিয়োগে ৯৩ শতাংশ মেধা ও ৭ শতাংশ কোটার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করাসহ ৬ দফা দাবিতে নানা কর্মসুচি পালন শুরু করে আসছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
রাঙামাটি কোটাবিরোধী ঐক্যজোট সমন্বয়ক ইব্রাহিম রুবেল বলেন, ‘৯৩ শতাংশ মেধা ও ৭ শতাংশ কোটার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে হবে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে জনপ্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কেন্দ্রীয়ভাবে প্রশ্নপত্র প্রনয়ণ করতে হবে। প্রশ্নপত্র প্রস্তুত শেষে জেলা প্রশাসকের তত্বাবধানে সরকারি ট্রেজারিতে সংরক্ষণ ও পরীক্ষা শুরু পূর্ব মুহূর্তে ট্রেজারি থেকে আনতে হবে। পরীক্ষার খাতা মূল্যায়ন জেলা প্রশাসকের তত্বাবধানে সম্পন্ন করতে হবে। উপজেলা কোটার ক্ষেত্রে আলাদা প্রজ্ঞাপন প্রকাশ করতে হবে। নিয়োগ পরীক্ষা শেষে প্রার্থীদের রোল নম্বর ও ঠিকানা বাধ্যতামূলক প্রকাশ করতে হবে। এই ৬ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
এদিকে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান গত শনিবার এই পরিস্থিতিতে করণীয় ঠিক করতে জরুরি বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে কাজল তালুকদার বলেন, ইতোমধ্যে দুটি পক্ষের দেয়া স্মারকলিপি পর্যালোচনা করা হয়েছে। তাদের দাবি যৌক্তিক। নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘদিন ধরে জেলা পরিষদের আইন অগ্রাধিকার নীতি অনুসরণ করা হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সম্প্রতি জাতীয় পর্যায়ে কোটা পুনর্বিন্যাসের প্রজ্ঞাপন জারি করেছে। এই দুই ব্যবস্থার মধ্যে কোনটি অনুসরণযোগ্য হবে - তার স্পষ্ট দিক নির্দেশনা পেতে মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে মতামত চাওয়া হচ্ছে। নির্দেশনা পেলে স্থগিত পরীক্ষা নেওয়া হবে।
তবে পার্বত্য মন্ত্রণালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এর সমাধানে ৪০-৪৫ দিন সময় লাগার কথা জানিয়েছে। কিন্তু তা আসন্ন ত্রয়োদশ জার্তীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক পূর্ব মুহূর্তে দীর্ঘ প্রক্রিয়া বলে মনে করছে। এরপরই মনে করা হচ্ছে নির্বাচিত সরকার আসার আগে এই নিয়োগ প্রক্রিয়া কার্যত হিমঘরে স্থান পাবে।
জেলা পরিষদের সহকারী প্রাথমিক শিক্ষকের এ নিয়োগে এবার ৫৩০টি শূন্যপদে আবেদন করেন ৬ হাজার ৬৪৮ জন প্রার্থী। এর আগে এই নিয়োগ কার্যক্রমে নির্ধারিত লিখিত পরীক্ষা ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর, ২০২৪ সালের ২০ মে এবং সবশেষ গেল ১১ নভেম্বর এই নিয়োগ স্থগিত ঘোষণা করা হয়।
জিয়াউর রহমান/অমিয়/