চট্টগ্রাম মহানগরের উত্তর কাট্টলি এলাকায় একটি পোশাক কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে নগরীর উত্তর কাট্টলি এলাকায় ‘এইচবি’ নামক একটি পোশাক কারখানার গুদামে আগুন লাগে।
তবে এই অগ্নিকাণ্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এর আগে মঙ্গলবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে নগরীতে আরও একটি পোশাক কারখানার গুদামে আগুন লাগে।
আগ্রাবাদ বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক জসিম উদ্দিন বলেন, ছয়তলা বিশিষ্ট কারখানাটির নিচতলার গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষতির বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে জানানো হবে।
এর আগে মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মহানগরীর কালুরঘাট বিসিক শিল্প এলাকায় প্যানমার্ক গার্মেন্টস লিমিটেড নামক একটি পোশাক কারখানার গুদামে আগুন লাগে। গুদামে কারখানার ঝুট কাপড় পুড়েছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায়ও কোন হতাহতের ঘটনা ঘটেনি।
তারেক মাহমুদ/এনএন