যশোরের সার্কিট হাউস থেকে অতিরিক্ত সচিব পরিচয় দেওয়া আব্দুস সালাম নামে এক প্রতারককে আটক করা হয়েছে। তিনি যশোরের মণিরামপুর উপজেলার হেলাঞ্চি গ্রামের এলাহী বকশি গাজীর ছেলে।
বুধবার (২৬ নভেম্বর) দুপুর ২টার দিকে সার্কিট হাউজ কর্তৃপক্ষ তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
অভিযোগ রয়েছে, গত দুবছর ধরে প্রতারক সালাম নিজেকে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে ভিআইপি সুবিধা নিয়েছেন। তিনি নিজেকে রংপুরের ডিসি হিসেবেও পরিচয় দিয়ে থাকেন।
যশোর সার্কিট হাউস সূত্রে জানা গেছে, বুধবার সকালে তিনি সার্কিট হাউসের মোবাইল ফোনে কথা বলার সময় নিজেকে অতিরিক্ত সচিব পরিচয় দেন। একই সঙ্গে তিনি জানান, ঢাকা থেকে যশোরে আসছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ যশোর রেলওয়ে স্টেশনে সরকারি গাড়ি পাঠানোর অনুরোধ করেন। এ অনুযায়ী সার্কিট হাউস কর্তৃপক্ষ গাড়িও পাঠায়। তাকে রেলস্টেশন থেকে সরকারি প্রটোকল দিয়ে সার্কিট হাউজে নেওয়া হয়। নাম এন্ট্রির সময় কর্মীদের সন্দেহ হলে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে বিষয়টি জানান।
সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী এসএম শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাসুম বিল্লাহ, ভারপ্রাপ্ত জোনাল সেটেলমেন্ট অফিসার জাকির হোসেন ও এনডিসি রেজওয়ান সরদার।
তারা সালামের সঙ্গে কথা বলেন এবং আচরণ ও পরিচয় সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করে প্রতারণার বিষয়টি নিশ্চিত হন। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুস সালাম গত তিন মাসে তিনবার যশোর সার্কিট হাউজে উঠে নিজেকে কখনো রংপুরের জেলা প্রশাসক, কখনো বিভিন্ন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে পরিচয় দিতেন। সার্কিট হাউজে এসে তিনি সরকারি সব সুযোগ-সুবিধা নিতেন। সালাম এর আগে একটি বেসরকারি ফার্মে চাকরি করতেন বলে জানা গেছে।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্দুস সালামকে হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এইচ আর তুহিন/এসএন/