ফরিদপুরের ভাঙ্গায় কাভার্ডভ্যানের সঙ্গে ফলবোঝাই একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে মধু উল্লাহ (৫২) নামে এক ফলব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপচালক আশিকুল ইসলাম (৩০) গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার নওপাড়া বাসস্ট্যান্ড-সংলগ্ন প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সড়কের মাঝখানে থাকায় ভাঙ্গা-ফরিদপুর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গাড়িগুলো সরিয়ে নিলে প্রায় ৩০ মিনিট পর যান চলাচল স্বাভাবিক হয়।
নিহত মধুউল্লাহ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপখালী গ্রামের মৃত আব্দুস ছত্তারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ফলবোঝাই পিকআপটি নিয়ে টেকেরহাটে যাচ্ছিলেন মধুউল্লাহ। পথে পিকআপটি নওপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। মধুউল্লাহর ঘটনাস্থলেই নিহত এবং চালক আশিকুল ইসলাম আহত হন।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন বলেন, “পিকআপ ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় দুইটি গাড়িই জব্দ করে থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সঞ্জিব দাস/অমিয়/