গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মহিদুল ইসলাম (আলস) সরদার (৪৬) নামে এক চা দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত মহিদুল ইসলাম ওই গ্রামের নজির সরদারের ছেলে। তিনি স্থানীয় শিবপুর বাজারে চায়ের দোকান চালাতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল তিনি দোকানে কাজ করতে যান। পরে গভীর রাত পর্যন্ত বাড়িতে না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। বৃহস্পতিবার সকালে তার বাড়ির পাশের একটি ভিটায় মহিদুলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। বুধবার দিবাগত গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে তাকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর দুর্বৃত্তরা মরদেহটি বাড়ির পাশের একটি ভিটায় ফেলে রেখে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল আহমেদ বলেন, এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। হত্যার পেছনের কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহটি ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রফিক/মেহেদী/