রাজশাহীর তানোরে পরিত্যক্ত একটি গভীর নলকূপের পাইপে পড়ে স্বাধীন নামে ২ বছরের এক শিশু আটকে পড়েছে। তাকে উদ্ধারে স্থানীয় ফায়ার সার্ভিস ও বিশেষায়িত উদ্ধারকারী দল নিবিড়ভাবে কাজ করছে।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির বাবার নাম রাকিব।
জানা যায়, বাড়ির পাশে থাকা বহুদিনের অকেজো গভীর নলকূপের মুখ খোলা থাকায় হঠাৎ খেলতে খেলতে সেখানে পড়ে যায় শিশু স্বাধীন। নলকূপটির মালিক একই এলাকার বাসিন্দা তাহের।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, নলকূপটি বহুদিন ধরে ব্যবহারহীন অবস্থায় ছিল। ঘটনার পরপরই তানোর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত উদ্ধারকাজ শুরু করে।
ফায়ার সার্ভিস জানায়, প্রায় ৩৫ ফুট গভীর এবং পাঁচ ফুট ব্যাসের ওই নলকূপের ভেতরে আটকে থাকা শিশুটি এখনও জীবিত থাকার ইঙ্গিত দিচ্ছে। কিছুক্ষণ আগেও তার সাড়া পাওয়া গেছে। শিশুটিকে সচল রাখতে নলকূপে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।
উদ্ধারকর্মীরা বলছেন, শিশুটিকে তুলতে হলে নলকূপের চারপাশ খনন করে নিচে পৌঁছাতে হবে- যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও সময়সাপেক্ষ। এরপরও তাকে জীবিত বের করে আনতে সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে। উদ্ধার তৎপরতাকে আরও গতিশীল করতে চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি বিশেষায়িত রেসকিউ দল ঘটনাস্থলে যোগ দিয়েছে।
ওসি শাহীনুজ্জামান বলেন, 'শিশুটিকে বাঁচানো এখন আমাদের প্রধান লক্ষ্য। শিশুটিকে নিরাপদে উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশ সর্বাত্মক চেষ্টা করছে।'
এনায়েত করিম/সুমন/