কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসের স্টোররুমে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে নির্বাচন অফিসের স্টোররুমে থাকা গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র পুড়ে গেছে।
পুলিশের প্রাথমিক ধারণা, শনিবার (২০ ডিসেম্বর) ভোর থেকে সকাল ৯টার মধ্যে কোনো এক সময় এ ঘটনা ঘটানো হয়।
ছুটির দিন থাকায় আগুন লাগার বিষয়টি তাৎক্ষণিকভাবে জানতে পারেননি উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তারা। তবে ধোঁয়ায় আচ্ছন্ন হলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে নির্বাচন অফিসের নৈশপ্রহরীসহ স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো সম্ভব হলেও কিছু নথিপত্র আগুনে পুড়ে যায়। তবে আগুনে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু দাউদ।
অফিসের নৈশপ্রহরী আব্দুর রাজ্জাক জানান, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিসের স্টোররুমের পেছনের জানালার পাশেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোর থেকে সকাল ৯টার মধ্যবর্তী কোনো এক সময় দুর্বৃত্তরা জানালা ভেঙে সেখান থেকে আগুন দেওয়ার চেষ্টা করে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অপরাধীদের ধরতে পুলিশ কাজ করছে।
মিলন/রিফাত/