ঢাকা ৬ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২০ জুন ২০২৬

সর্বশেষ
অস্ট্রিয়ার বিপক্ষে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ এক দিনে দ্রুততম দুই গোল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তানকে ২৩ রানে হারাল বাংলাদেশ উল্লাসের পরদিন ৪০ টন স্মৃতি ছুটিতে গ্রামে গিয়ে ডাকাত হামলায় আহত এসিল্যান্ডসহ ৬ জন মেসির ফাউল: ফিফায় আলজেরিয়ার নালিশ ঈশ্বরগঞ্জে আ.লীগের সাবেক এমপির ফ্যাক্টরিতে লুটপাট ১১ মামলার আসামি বহিষ্কৃত ছাত্রদল নেতা বুলবুল আটক বম সম্প্রদায়ের এক অসুস্থ নারীকে হেলিকপ্টারযোগে উদ্ধার করল সেনাবাহিনী উত্তরায় ভূমি গ্যালারিতে চিত্রপ্রদর্শনী দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত রোনালদো-মেসিদের মতো খেলো, অলিম্পিকে ভালো ফল চাই: প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করতে গোপনে মরিয়া ছিলেন ট্রাম্প প্রয়োজন হলে প্রধানমন্ত্রী ভারত সফরেও যাবেন: পররাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যকে নেতৃত্বের ভূমিকা অব্যাহত রাখার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর অসাধারণ কৃতিত্ব: ৮ মাসে কোরআন হিফজ, সংবর্ধিত আল-আমীন ব্রাজিল ম্যাচ জেতায় মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনার সমর্থক ফরিদপুরে ‘গে গ্রুপ’ ইস্যুতে ৩ জন আটক জামায়াত গণতন্ত্র বিশ্বাস করে না: মির্জা ফখরুল ব্যস্ত জীবন, ভার্চুয়াল বিনোদন: আমরা এখন কোন পথে? লেবাননে হামলার জেরে হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা তেহরানের রাবি প্রেসক্লাবের সভাপতি ধ্রুব-সম্পাদক জিসান বরিশাল বিভাগ এসএসসি ১৯৮৬ বাংলাদেশর দিনব্যাপী নৌ-বিহার আগস্টে টানা ৪ দিনের ছুটির সুযোগ আর্জেন্টিনা-ব্রাজিলে মাতোয়ারা ‘প্রচেষ্টা’র এক দিন জিয়াউর রহমান জনগণের বাকস্বাধীনতা নিশ্চিত করেছিলেন: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী যুদ্ধবিরতি কার্যকরের পরও থামেনি হামলা, লেবাননে নিহত ১৬ হরিণাকুণ্ডুতে আ.লীগ–বিএনপি সমর্থকদের সংঘর্ষ, আহত ১৬ ফেরদৌস ওয়াহিদ ও সাঈদা শম্পার ‘মন বোঝে না’ চট্টগ্রামে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরির আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর ‘বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়েছে সরকার’

ঠাকুরগাঁও সুগার মিলসে আখ মাড়াই শুরু

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ১২:৫৭ পিএম
ঠাকুরগাঁও সুগার মিলসে আখ মাড়াই শুরু
ছবি: খবরের কাগজ

ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেডে ২০২৫-২০২৬ আখ মাড়াই মৌসুমের ৬৮তম মাড়াই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে মিলের কেইন কেরিয়ার প্রাঙ্গণে এ উপলক্ষে সংক্ষিপ্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) রশিদুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) সচিব মোহাম্মদ মুজিবুর রহমান এবং প্রধান (টিএস) মঞ্জুরুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান কবির।

চলতি বছর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোকের আবহ থাকায় কোনো আনুষ্ঠানিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়নি। অনুষ্ঠানে শুধুমাত্র দোয়া ও মোনাজাতের মাধ্যমে ২০২৫-২০২৬ আখ মাড়াই মৌসুমের কার্যক্রমের সূচনা করা হয়।

মিল সূত্রে জানা গেছে, চলতি ২০২৫-২০২৬ মাড়াই মৌসুমে চিনিকলে আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯০ হাজার মেট্রিক টন। এ মৌসুমে চিনি আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ দশমিক ৩০ শতাংশ এবং মোট চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৬৭০ মেট্রিক টন। সম্ভাব্য ৭০ থেকে ৮০ দিন ধরে মাড়াই কার্যক্রম চলমান থাকবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া, ২০২৪-২০২৫ রোপণ মৌসুমে মিল এলাকায় ৬ হাজার ৬০ একর জমিতে দণ্ডায়মান আখ রয়েছে। চলতি ২০২৫-২০২৬ মৌসুমে আখ রোপণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ হাজার ৫০০ একর, যার মধ্যে ইতোমধ্যে প্রায় ৩ হাজার একর জমিতে আখ রোপণ সম্পন্ন হয়েছে।

মিল কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, আখচাষি ও সংশ্লিষ্ট সবার সহযোগিতায় এবারের মাড়াই মৌসুম সফলভাবে সম্পন্ন হবে।

নবীন/রিফাত/

ছুটিতে গ্রামে গিয়ে ডাকাত হামলায় আহত এসিল্যান্ডসহ ৬ জন

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১১:০৩ পিএম
ছুটিতে গ্রামে গিয়ে ডাকাত হামলায় আহত এসিল্যান্ডসহ ৬ জন
আহত এসিল্যান্ড সাকিব হাছান খাঁন। ছবি: সংগৃহীত

ছুটিতে গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার বেড়াতে এসে সশস্ত্র ডাকাত দলের হামলায় আহত হয়েছেন কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁনসহ অন্তত ছয়জন।

ডাকাত দলটি একটি বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট শেষে ফেরার পথে  এ হামলা চালায়।

শুক্রবার (১৯ জুন) রাতে উপজেলার হাইজাদী ইউনিয়নে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ পরিদর্শন করেছে। এ ঘটনার এখনো কোন মামলা হয়নি। 

পুলিশ জানায়, কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন ছুটিতে নিজ বাড়ি উপজেলার  ধন্দী গ্রামের  অবস্থান করছিলেন। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে সাকিব হাছান খাঁন মুকুল (৩৮), রাজিব (৩২), রুবেল (৩৬), ফারুক (৩২) ও ডালিয়া (৩৩)-কে গুরুতর আহত করে। আহতদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ডাকাত দল পালিয়ে যায়।

পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার বর্ণনায় শনিবার সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন খবরের কাগজকে বলেন, রাতে খাবার শেষে পরিবারের সদস্যসহ কয়েকজন বাড়ির পাশের বাজারের দোকানে যাচ্ছিলাম। পথে সশস্ত্র ডাকাত দলের সদস্যরা প্রথম টচ লাইন জ্বালিয়ে আমাদের দেখে। মুহুর্তের মধ্যেই অতর্কিত হামলা চালায়। ডাকাতরা প্রায় ১৪ জনের একটি দল ছিলো। হামলার সময় স্থানীয় লোকজন ছুটে এলে তাদের উপর হামলা শুরু করে। স্থানীয় আরো দুইজন লোক আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশংকা জনক বলে জানান তিনি।

এ ঘটনায় মামলা হয়নি জানিয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিন্তু এখনো ডাকাতদের  শনাক্ত করা যায়নি। পুলিশ তদন্ত চলমান রেখেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এ ঘটনায় পুলিশের পাশাপাশি উপজেলা প্রশাসন কাজ করছে বলে জানান আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)আসাদুর রহমান। তিনি বলেন, স্থানীয়দের তথ্য মতে ডাকাতেরা লুটের মালপত্রসহ যাওয়ার পথে সামনে যাকে সামনে পেয়েছে, তাকে কুপিয়ে পালিয়েছে। সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন গলায় ও বুকে আঘাত পেয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে আড়াইহাজারের বাড়ি ফিরেছেন। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের পাশাপাশি উপজেলা প্রশাসন কাজ করছে।

এদিকে হামলার আগে পার্শ্ববর্তী রাইনাদী-আতাদী এলাকার সুমন নামে এক ব্যক্তির বাড়িতে ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে বলে জানান স্থানীয়রা৷  দুটি ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ার পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। তবে স্থানীয়রা দ্রুত ডাকাত চক্রকে শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

বিল্লাল হোসাইন/এসএন 

অসাধারণ কৃতিত্ব: ৮ মাসে কোরআন হিফজ, সংবর্ধিত আল-আমীন

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৯:৩২ পিএম
অসাধারণ কৃতিত্ব: ৮ মাসে কোরআন হিফজ, সংবর্ধিত আল-আমীন
ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়া উপজেলার এক শিশু মাত্র আট মাসে সম্পূর্ণ পবিত্র কোরআন মজিদ মুখস্থ করে এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

 ১০ বছর বয়সি এই শিশুর নাম আল-আমীন। তিনি উপজেলার সেন্টার বাজারস্থ মারকাযুল হুফফাজ ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী।

জানা গেছে, আল-আমীন হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব বিরবিরি গ্রামের বাসিন্দা ও ওমান প্রবাসী নেছার উদ্দিনের ছেলে। তিন ভাইবোনের মধ্যে সে সবার ছোট। ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী ও মেধাবী হিসেবে পরিচিত ছিল আল-আমীন।

শনিবার (২০ জুন) দুপুরে সেন্টার বাজার মারকাযুল হুফফাজ ইন্টারন্যাশনাল মাদরাসায় তাকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে তার এ অসাধারণ অর্জনের প্রশংসা করেন।

মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মওলানা রফিকুল ইসলাম জানান, ২০২৫ সালে আল-আমীন নাজেরা বিভাগে ভর্তি হয়। পরে হিফজ বিভাগে ভর্তি হয়ে অত্যন্ত নিষ্ঠা ও অধ্যবসায়ের সঙ্গে কোরআন মুখস্থ করতে থাকে। মাত্র ৮ মাস ৩ দিনের মধ্যেই সে সম্পূর্ণ কোরআন হিফজ সম্পন্ন করে, যা সত্যিই বিস্ময়কর।

তিনি আরও  বলেন, একজন শিক্ষার্থীর কোরআন হিফজ সম্পন্ন করতে সাধারণত দুই থেকে আড়াই বছর সময় লাগে। সেখানে আল-আমীন অল্প সময়ে এ কৃতিত্ব অর্জন করেছে। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তায়ালা যেন তাকে দ্বীনি জ্ঞান ও উত্তম চরিত্রে সমৃদ্ধ করে দেশের একজন যোগ্য আলেম হিসেবে গড়ে তোলেন।

মাদরাসার শিক্ষকরা জানান, আল-আমীন অত্যন্ত পরিশ্রমী ও একাগ্রচিত্তের শিক্ষার্থী। নিয়মিত অনুশীলন এবং গভীর মনোযোগের কারণেই সে স্বল্প সময়ে এমন সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে।

স্থানীয় বাসিন্দা ইয়াসিন আরাফাত পারভেজ খবরের কাগজকে  বলেন, আল-আমীনকে ছোটবেলা থেকেই চিনি। সে খুবই ভদ্র ও মেধাবী। তার এই অর্জনে আমরা গর্বিত।

সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি ফজলুর রহমান (সারোয়ার) কাসেমী, সেন্টার বাজার বণিক সমিতির সভাপতি আনোয়ার হোসাইন এবং মওলানা হাফেজ নিজাম উদ্দিন। এছাড়াও আল-আমীনের মা, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

আল-আমীনের মা-বাবা তাদের সন্তানের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন, যেন সে ভবিষ্যতে আরও বড় ইসলামী শিক্ষাবিদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে।

উল্লেখ্য, সেন্টার বাজার মারকাযুল হুফফাজ ইন্টারন্যাশনাল মাদরাসায় বর্তমানে নাজেরা ও হিফজ বিভাগে প্রায় ৯০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে।

হানিফ উদ্দিন সাকিব/এসএন

ব্রাজিল ম্যাচ জেতায় মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনার সমর্থক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৯:২৭ পিএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০৯:২৯ পিএম
ব্রাজিল ম্যাচ জেতায় মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনার সমর্থক
ফয়সাল আহমেদ জুমান। ছবি: সংগৃহীত

বিশ্বকাপে ব্রাজিল-হাইতি ফুটবল ম্যাচে ব্রাজিল জিতলে মাথা ন্যাড়া করা হবে এমন বাজি ধরে চুল খোয়ালেন আর্জেন্টিনার এক সমর্থক। পরে মাথা ন্যাড়া করে ওয়াদা রক্ষা করেন আর্জেন্টিনার সমর্থক ফয়সাল আহমেদ জুমান (২৩)। 

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সূর্যনগর গ্রামে এ ঘটনাটি ঘটে।

ফয়সাল দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা দলের সমর্থক হিসেবে পরিচিত।

জানা গেছে, শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় নিজের ফেসবুক আইডি থেকে তিনি ঘোষণা দেন, হাইতির বিপক্ষে ম্যাচে ব্রাজিল জয়ী হলে তিনি মাথা ন্যাড়া করবেন। 

শনিবার সকালে বিশ্বকাপ ম্যাচে হাইতিকে ৩-০ গোলে পরাজিত করে ব্রাজিল। ম্যাচ শেষ হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে আসেন ফয়সাল। আর্জেন্টিনার জার্সি গায়েই নিজের মাথা ন্যাড়া করেন তিনি। এ সময় ঘটনাটি দেখতে ভিড় করেন স্থানীয় ফুটবলপ্রেমী ও কৌতূহলী মানুষজন। মুহূর্তেই বিষয়টি এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। অনেকেই ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। পরে সেগুলো ব্যাপকভাবে শেয়ার হলে বিষয়টি নিয়ে শুরু হয় নানা আলোচনা।

বাজি পূরণের পর ফয়সাল আহমেদ জুমান বলেন, ‘ঘটনাটি ঘটেছে খেলাধুলা বিনোদনের একটি বড় মাধ্যম। আমি ব্রাজিল সমর্থকদের সঙ্গে বাজি ধরেছিলাম। ব্রাজিল জিতেছে, তাই কথা অনুযায়ী মাথা ন্যাড়া করেছি।’

রিফাত/

ফরিদপুরে ‘গে গ্রুপ’ ইস্যুতে ৩ জন আটক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৯:১৩ পিএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০৯:১৪ পিএম
ফরিদপুরে ‘গে গ্রুপ’ ইস্যুতে ৩ জন আটক
ছবি: সংগৃহীত

ফরিদপুর শহরের একটি ছাত্রাবাসে সমকামিতার অভিযোগে ৫ যুবককে আটক করে সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসী। পরে তাদের মধ্যে ৩ জনকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। তবে পাঁচ জনের মধ্যে মূল অভিযুক্ত দুই ছাত্রকে পুলিশ আসার আগেই মুচলেকা দিয়ে ছাড়িয়ে নিয়ে গেছে তাদের পরিবার।

শনিবার (২০ জুন) বিকালে শহরের কমলাপুর মহল্লার চানমারী এলাকার একটি ছাত্রাবাসে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। আটকরা হলেন, সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র জিহাদ হোসেন (২৮), নিউমার্কেটের দর্জি বাবু খান (৩৮) ও গোয়ালচামটের শ্রী অঙ্গনের বাসিন্দা কৃষ্ণ মন্ডল (৩০) ।

এছাড়া ছাত্রাবাসের বোর্ডার হাসান রাজ ও আরিয়ান নামে মূল অভিযুক্ত অপর দুই ছাত্রকে এলাকাবাসী প্রথমে আটক করলেও পরে তাদের পরিবারের জিম্মায় মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে। 

মেসের বোর্ডার ফাহিম বিশ্বাস ও নাহিদ জানান, গত ১০ দিন আগে রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের ছাত্র হাসান রাজ চানমারীতে তাদের মেসের বোর্ডার হয়ে ওঠেন। মেসে ওঠার পর থেকেই তার গতিবিধি সন্দেহজনক মনে হচ্ছিল। একপর্যায়ে হাসান রাজ মেসের অন্য এক ছাত্রকেও সমকামিতার কুপ্রস্তাব দেন। এতে বিষয়টি সবার কাছে পরিষ্কার হয়ে যায়।

শুক্রবার রাতে হাসান রাজকে আটকে জিজ্ঞাসাবাদ করা হলে সে সমকামিতার কথা স্বীকার করে। তার ও পাশের আরেক মেসের বাসিন্দা আরিয়ানের মোবাইল চেক করে ফেসবুকে ভুয়া আইডি দিয়ে চালানো একাধিক ‘গে গ্রুপের’ (সমকামী অনলাইন গ্রুপ) সন্ধান মেলে।

এরপর মেসের ছাত্ররা কৌশলে হাসান ও আরিয়ানকে দিয়ে ওই গ্রুপের অন্য তিন সদস্যদের মেসে আসার অনুরোধ জানায়।

শনিবার দুপুরে জিহাদ, বাবু ও কৃষ্ণ মন্ডল তাদের সাথে মিলিত হতে ওই মেসে এলে এলাকাবাসী তাদের হাতেনাতে আটক করে এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেয়।

আটক বাবু খান জানান, তার স্ত্রীসহ ২ মেয়ে ও ২ ছেলে রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এই চক্রের সাথে জড়িত। ফরিদপুরের একটি এইডস ও এসটিডি (যৌনবাহিত রোগ) নিয়ে কাজ করা এনজিওতে রক্ত পরীক্ষা করতে গিয়ে এই সমকামী চক্রের ছেলেদের সাথে তার পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে।

রাজেন্দ্র কলেজের ছাত্র জিহাদ জানান, ফেসবুকে হাসান রাজের সাথে তার পরিচয়। গত এক বছর ধরে তিনি এই লাইনে আছেন। তবে হাসান রাজের সাথে আজই প্রথম সরাসরি দেখা করতে এসে ফেঁসে গেছেন। তিনি অনুতপ্ত হয়ে বলেন, “আসলে এই কাজে জড়ানো আমার উচিত হয় নাই।”

খবর পেয়ে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বাবু খান, জিহাদ হোসেন ও কৃষ্ণ মন্ডলকে আটক করে থানায় নিয়ে যায়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে তিনজনকে আটক করে থানায় আনা হয়েছে। বর্তমানে তাদের থানা হেফাজতে রাখা হয়েছে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এন কে বি নয়ন/এসএন

বরিশাল বিভাগ এসএসসি ১৯৮৬ বাংলাদেশর দিনব্যাপী নৌ-বিহার

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৮:২৮ পিএম
বরিশাল বিভাগ এসএসসি ১৯৮৬ বাংলাদেশর দিনব্যাপী নৌ-বিহার
ছবি: সংগৃহীত

‘স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে, এসো মিলি প্রাণের বন্ধনে’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে এসএসসি ১৯৮৬ বাংলাদেশ, বরিশাল বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী নৌবিহার-২০২৬।

আষাঢ়ের স্নিগ্ধ আবহ, নদীর বুকে মৃদুমন্দ বাতাস এবং দীর্ঘদিন পর বন্ধুদের মিলনমেলায় মুখর হয়ে ওঠে অভিজাত লঞ্চ অ্যাডভেঞ্চার-৯। আনন্দ, স্মৃতিচারণ ও প্রাণবন্ত আড্ডায় অংশগ্রহণকারীরা কাটান এক অনন্য দিন।

শনিবার (২০ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ নৌবিহার পরিণত হয় স্মৃতি, আনন্দ ও বন্ধুত্বের এক অনন্য উৎসবে। নদীর বুকে ভেসে চলা লঞ্চজুড়ে ছিল প্রাণবন্ত পরিবেশ। গান, আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান, হাস্যরস ও স্মৃতিচারণায় অংশগ্রহণকারীরা ফিরে যান চার দশক আগের সেই স্কুলজীবনের দিনগুলোতে। অনেকের কাছে এটি ছিল বহুদিন পর হারিয়ে যাওয়া বন্ধুদের সঙ্গে পুনর্মিলনের এক বিরল সুযোগ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে আয়োজকেরা বলেন, ‘সময়ের ব্যবধানে জীবনের পথ বদলে গেলেও বন্ধুত্বের বন্ধন কখনো ম্লান হয় না। বরং বয়সের পরিপক্বতা সেই সম্পর্ককে আরও গভীর ও অর্থবহ করে তোলে। নৌ-বিহারটি কেবল একটি ভ্রমণ নয়, বরং হৃদয়ের টানে বন্ধুদের একত্র হওয়ার উপলক্ষ।’

আলোচনা পর্বে বক্তব্য দেন গাজী কামাল মাহমুদ, ফসিহ উদ্দীন মাহতাব, কাজী সাইফুল হাসান, খালিদ হাসান তালুকদার, যুগ্মসচিব আলী আকবর এবং অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের মালিক নিজাম উদ্দীন।

বক্তারা বলেন, ‘স্কুলজীবনের বন্ধুত্ব মানুষের জীবনের সবচেয়ে নির্মল ও নিঃস্বার্থ সম্পর্কগুলোর একটি। কর্মব্যস্ততা, পারিবারিক দায়িত্ব এবং জীবনের নানা চড়াই-উতরাইয়ের মধ্যেও এই বন্ধন মানুষকে বারবার শেকড়ের কাছে ফিরিয়ে আনে। তারা এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।’

ফসিহ উদ্দীন মাহতাব তার বক্তব্যে বলেন, ‘সময়ের স্রোত আমাদের অনেক দূরে নিয়ে গেছে, কিন্তু আজকের এই মিলনমেলা প্রমাণ করে বন্ধুত্বের কোনো বয়স নেই। নদীর মতোই আমাদের সম্পর্ক বহমান, প্রাণবন্ত এবং চিরসবুজ।’

যুগ্মসচিব আলী আকবর বলেন, ‘পেশাগত ও ব্যক্তিগত জীবনের ব্যস্ততার ভিড়ে এমন আয়োজন আমাদের মানসিক প্রশান্তি দেয়। পুরোনো বন্ধুদের সঙ্গে কিছু সময় কাটানো মানে নিজের কৈশোরকে আবার ছুঁয়ে দেখা।’

অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের মালিক নিজাম উদ্দীন অতিথিদের স্বাগত জানিয়ে বলেন, ‘নদীমাতৃক বাংলাদেশের সৌন্দর্য উপভোগের পাশাপাশি বন্ধুত্বের এমন মহৎ আয়োজনের অংশ হতে পেরে তিনি আনন্দিত।’

গাজী কামাল মাহমুদ বলেন, ‘এসএসসি ১৯৮৬ শুধু একটি ব্যাচের নাম নয়, এটি আমাদের আত্মিক বন্ধনের একটি পরিবার। জীবনের নানা পর্যায়ে আমরা ভিন্ন ভিন্ন পথে চললেও এই বন্ধুত্ব আমাদের এক সুতোয় গেঁথে রেখেছে। আজকের এই নৌ-বিহার প্রমাণ করেছে, আন্তরিকতা ও ভালোবাসা থাকলে দূরত্ব কোনো বাধা নয়। এমন আয়োজন আগামী প্রজন্মের কাছেও বন্ধুত্বের অনন্য উদাহরণ হয়ে থাকবে।’

খালিদ হাসান তালুকদার বলেন, ‘বন্ধুদের সঙ্গে কাটানো সময় সবসময়ই বিশেষ, তবে দীর্ঘদিন পর এমন মিলনমেলা হৃদয়কে অন্যরকম আবেগে ভরিয়ে দেয়। নদীর বুকে আজকের এই আনন্দঘন আয়োজন আমাদের শৈশব ও কৈশোরের অসংখ্য স্মৃতিকে আবার জীবন্ত করে তুলেছে।’

দিনব্যাপী আয়োজনে আরও উপস্থিত ছিলেন- কাজী আনম সাইফুল হাসান আজীম, আল আমিন লিটন, কাজী শরীফুল ইসলাম শফিক, আলী মোর্তজা, সেলিম খান, মাহে আলম সাবু, মাহবুল, এনামুল হকসহ বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত এসএসসি ১৯৮৬ বাংলাদেশ এর সদস্যরা।

আষাঢ়ের মেঘলা আকাশ, নদীর ঢেউ আর বন্ধুদের উচ্ছ্বসিত হাসি যেন দিনটিকে স্মরণীয় করে রাখে। বিদায়ের ক্ষণে অনেকের চোখে-মুখে ছিল আবেগের ছাপ। আবারও এমন কোনো আয়োজনে মিলিত হওয়ার প্রত্যয় ব্যক্ত করে সবাই ঘরে ফেরেন। তবে নদীর বুকের সেই দিনভর ভেসে থাকা মুহূর্তগুলো, স্মৃতির অ্যালবামে আরও একটি উজ্জ্বল অধ্যায় হয়ে রয়ে যাবে-বন্ধুত্ব, ভালোবাসা ও আত্মিক বন্ধনের এক অনন্য সাক্ষ্য হিসেবে।

আনিসুর রহমান/রিফাত/