নারায়ণগঞ্জের সোনারগাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা হাবিবপুর ঈদগাহ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও দোকান মালিকরা জানান, বিকেল পৌনে চারটার দিকে মুজিবুর রহমানের ভাঙারি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের ফার্নিচার দোকান, মোবাইল সার্ভিসিংয়ের দোকান, খেলনার দোকান ও স্টিলের আলমারির দোকানসহ মোট ১৫টি দোকানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
দোকান মালিকদের দাবি, আগুন লাগার সঙ্গে সঙ্গে কিছু মালামাল বের করা সম্ভব হলেও অধিকাংশ মালপত্র উদ্ধার করা যায়নি। ফলে তাদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। তারা জানান, অনেকেই ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করছিলেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা বড় ধরনের আর্থিক সংকটে পড়েছেন।
মোবাইল সার্ভিসিং দোকানের মালিক রিয়াদ হোসেন বলেন, আগুনে তার দোকানের সব মালপত্র পুড়ে গেছে। এতে তার প্রায় পাঁচ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।
সোনারগাঁ ফায়ার সার্ভিসের সাব-স্টেশন কর্মকর্তা ওসমান গণি জানান, একটি ভাঙারি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়। তাদের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। এ ঘটনায় প্রায় ১৫টি দোকান পুড়ে গেছে।
ইমরান/মেহেদী/