চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত চার যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে বিপুল পরিমাণ সিগারেট ও আমদানি নিষিদ্ধ ক্রিম জব্দ করেছে বিমানবন্দর কাস্টমস শাখা।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক চার যাত্রী হলেন- মো. রেজাউল করিম, রিদওয়ানুল হক, মো. মিজানুর রহমান ও মো. সালাউদ্দিন।
জানা গেছে, সোমবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে দুবাই থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট বিএস-৩৪৪ চট্টগ্রামে অবতরণ করে। বিমানবন্দর কাস্টমস শাখা ওই বিমানের চার যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৮৬৭ কার্টন সিগারেট (মন্ড) ও ৫০ পিস আমদানি নিষিদ্ধ গৌরী ক্রিম জব্দ করে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘জব্দ করা পণ্য চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রয়েছে। এসব পণ্য জব্দ করায় সরকারের ৩০ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা রাজস্ব আয় হয়েছে। আটক যাত্রীদের বিমানবন্দর কাস্টমস শাখা মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দিয়েছে।’
এসজি/