চলতি বছর ২৯ জন আসামিসহ ২৮ কোটি ৩০ লাখ টাকার বেশি চোরাচালানেন মালামাল ও মাদক জব্দ ও ২৯ আসামিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দক্ষিণ-পূর্ব রিজিয়ন, চট্টগ্রাম।
এর মধ্যে প্রায় ৫৯ লাখ টাকার মাদক ও ২৭ কোটি ৭২ লাখ টাকার অন্যান্য মালামাল রয়েছে।
রবিবার (২৮ ডিসেম্বর) রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদী সিগন্যালস প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন।
সকালে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) ওয়াগ্গাছড়া ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত ওই প্রেস ব্রিফিংয়ে এ সময় উপস্থিত ছিলেন কাপ্তাই ৪১ বিজিবির উপ-অধিনায়ক মেজর ফারহাত, ক্যাপ্টেন আশরাফ, সহকারী পরিচালক উপেন্দ্র নাথ হালদার।
অভিযানের পরিসংখ্যান তুলে ধরে অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদী বলেন- গেল এক বছরে দক্ষিণ-পূর্ব রিজিয়ন, চট্টগ্রামের অধীনে ১৩টি ব্যাটালিয়ন ৮১৫ বোতল বিদেশি মদ ও ৪০৮ লিটার দেশি মদ, ৩৭৩ বোতল ফেনসিডিল, ৬২ বোতল বিয়ার, ৫২০টি মদ তৈরির ট্যাবলেট, ৪৪৪ দশমিক ৫১৩ কেজি গাঁজা এবং ১ হাজার ২১৩টি ইয়াবা জব্দ করা হয়েছে।
এ সময় ৬৬৭টি গরু, ১৭টি মহিষ ও ৩৭টি ছাগল জব্দ করা হয়। এছাড়া কাঠ, বাঁশ, ভারতীয় থ্রিপিস, বিভিন্ন প্রকার প্রসাধনী, সাবান, কীটনাশক, শুটকি, সিগারেট, নাপ্পি, বাংলাদেশি সালসা, রসুন, চিনি, জিরা, চাপাতা, স্যান্ডেল, গরমতি আম, বিভিন্ন প্রকার কম্বল, নৌকার ইঞ্জিন, ডিঙ্গি নৌকা এবং চোরাচালানী পণ্য বহনকারী বিভিন্ন যানবাহন জব্দ করা হয়।
এছাড়া ২টি দেশীয় রাইফেল, ২টি ১২ বোর পিস্তল, ১টি ১২ বোর শটগান, ১টি ৯ এমএম পিস্তল (যুক্তরাষ্ট্র), ১টি ৮ এমএম পিস্তল (ভারতীয়), ৫০০ গ্রাম গানপাউডার, ১টি একনলা দেশীয় বন্দুক, একটি এসএমজি (এম-৪, এ-১), দুটি ম্যাগাজিন এবং দেশীয় অস্ত্র ৫০০টি (হাসুয়া ও দা) জব্দ করা হয়।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যে কোনো অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ চোরাচালান বন্ধে প্রত্যেক বিজিবি সদস্য বদ্ধপরিকর এবং ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
জিয়াউর রহমান/অমিয়/