মেহেরপুর সদর উপজেলার তেরঘরিয়ায় এক বিকাশের দোকানের সামনে বোমা ফাটিয়ে ও দোকানদারকে কুপিয়ে ডাকাতি করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিত্যদিনের মতো বিকাশ দোকানের ব্যবসা শেষে বাসায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন নাহিদ। গতরাতে হঠাৎ তার দোকানে সামনে বিকট শব্দ হলে আঁতকে উঠেন। মুহূর্তের মধ্যে তিনজন লোক এসে দেশীয় অস্ত্র দিয়ে কোপাতে থাকেন তাকে। এক পর্যায়ে তিনি জ্ঞান হারায়। জ্ঞান ফিরতে দেখেন সব শেষ। মেহেরপুর সদর উপজেলার তেরঘরিয়া গ্রামের টাওয়ারের নিচে এসএস টেলিকমের মালিক নাহিদ। তিনি ওই গ্রামের বেকের মোল্লার ছেলে।
ডাকাতির কবলে পড়া ব্যবসায়ী নাহিদ বলেন, প্রথমে বোমা বিস্ফোরণ ঘটিয়ে বিকট শব্দ তৈরি করে। এরপর তিনজন মুখোশধারী ডাকাত একটি মোটরসাইকেলে এসে দোকানে প্রবেশ করে। তারা দেশীয় অস্ত্র রামদা ও তরবারি দিয়ে আমাকে আঘাত করে।
তিনি আরও বলেন, দোকানে থাকা প্রায় ৩ লাখ টাকা ছিনিয়ে নেয়। পাশাপাশি বিকাশ, নগদ, রকেট ও উপায়ের চারটি মোবাইল ব্যাংকিংয়ের লেনদেনের কাজে ব্যবহৃত মোবাইল ফোনও ছিনতাই করে নিয়ে যায় ডাকাতরা।
ডাকাতের কবলে পড়ে অস্ত্রের আঘাতে আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ব্যবসায়ী নাহিদ।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। আমরা ইতোমধ্যে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। সেটি দেখে ডাকাতদের শনাক্তের চেষ্টা চলছে।
তারেক হোসেন/সুমন/