গোপালগঞ্জের মুকসুদপুরে তিনটি পাটের গুদাম আগুনে পুড়ে গেছে। এতে ১,৭৭৫ মন পাট নষ্ট হয়েছে এবং ব্যবসায়ীদের কোটি টাকার ক্ষতি হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) রাতে মুকসুদপুর উপজেলা সদরের টিএনটি অফিসের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মুকসুদপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মেহেদি হাসান জানান, টিএনটি অফিসের পাশে একটি পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে মুকসুদপুর ও কাশিয়ানী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ততক্ষণে এ অগ্নিকাণ্ডে পাট ব্যবসায়ী সুনীল সাহার গোডাউনে রাখা ১৩০০ মন, নির্মল সাহার গোডাউনের ১৭৫ মন এবং ইকরাম মিয়ার গোডাউনের ৩৩৯ মন পাট পুড়ে ছাই হয়ে যায়।
তিনি আরও জানান, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্ত করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।
ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী সুনীল সাহা বলেন, 'এবারের পাট মৌসুমে বিক্রির জন্য গোডাউনে ১৩৩৯ মন পাট মজুদ রাখা হয়েছিল। গভীর রাতে হঠাৎ খবর আসে, আমার গোডাউনে আগুন লেগেছে। বাড়ি থেকে আসতে আসতে গোডাউনের সব পাট পুড়ে ছাই হয়ে গেছে। আমি এখন সম্পূর্ণ ধ্বংসস্তূপের মধ্যে রয়েছি।'
অপর ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী ইকরাম মিয়া বলেন, 'আমার গোডাউনের ৩৩৯ মন পাট ছিল। সব টাকা দিয়ে পাট কিনেছিলাম। সব কিছু পুড়ে যাওয়ায় আমি শেষ। এখন সরকারি সহযোগিতা না পেলে আমাকে পথে বসতে হবে।'
বাদল সাহা/রিফাত/