চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) অঙ্গ সংগঠন গণতান্ত্রিক যুবদল লোহাগাড়া সদর ইউনিয়ন শাখার সভাপতি মো. মিনহাজ আহমদের বিরুদ্ধে চাঁদা দাবি ও ভাঙচুরের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার একটি রেস্তোরাঁয় ভুক্তভোগী মুহাম্মদ ফরিদুল আলমের পরিবারবর্গের ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মুহাম্মদ ফরিদুল আলমের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তারই ছেলে মো. আলমগীর।
আলমগীর অভিযোগ করে বলেন, আমার পিতা লোহাগাড়া সদর ইউনিয়নের দরবেহাট ডিসি সড়ক সংলগ্ন নেওয়াজে টেক এলাকার ছারাভিটায় ২০০৩ সালে ২৬২৭ ও ২৬২৮ নম্বর কবলা মূলে মোট ৩৪ শতক জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখলে আছেন। সম্প্রতি গণতান্ত্রিক যুবদল লোহাগাড়া সদর ইউনিয়ন শাখার সভাপতি মো. মিনহাজ আহমদ ওই জমি জোরপূর্বক দখল করবেন জানিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন।
তিনি আরও বলেন, মিনহাজের দাবিকৃত চাঁদা দিতে আমরা অস্বীকৃতি জানালে সে গত ১৪ জানুয়ারি রাতে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ৫০ থেকে ৬০ জনের একদল সন্ত্রাসী নিয়ে আমাদের বসতভিটায় হামলা চালায়। এ সময় তারা আমাকে মারধর করে পার্শ্ববর্তী একটি বাড়িতে আটকে রাখেন। পরে তারা টিনের বসতঘর ভাঙচুর ও বৈদ্যুতিক মিটারের সার্ভিস তার কেটে দেন।
আলমগীর বলেন, হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগের সময় দাবিকৃত চাঁদা না দিলে পুনরায় হামলা ও ভাঙচুরের হুমকি দেন। ফলে বর্তমানে আমার পরিবারের সদস্যরা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অভিযোগের বিষয়ে জানতে গণতান্ত্রিক যুবদল নেতা মো. মিনহাজ আহমদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমি চাঁদা দাবি বা ভাঙচুরের সঙ্গে জড়িত নই। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাশেদা বেগম, মুহাম্মদ ফরিদুল আলম, মো. আলমগীর, মুহাম্মদ জিসান, ও জামাল উদ্দিন প্রমুখ।
আরিফ/মাহফুজ