গাজীপুরে গুলি ছুঁড়ে ও ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে, এজেন্ট ব্যাংকিংয়ের দুই কর্মচারিকে মারধর করে ২৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দূর্বৃত্তরা।
রবিবার (২৫ জানুয়রি) বিকেল সোয়া ৪টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার কাজিমউদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ভোগড়া বাইপাস এলাকা থেকে মোটরসাইকেল যোগে ২৪ লাখ টাকা ওই ব্যাংকের চান্দনা চৌরাস্তা শাখায় জমা দিতে যাচ্ছিলেন এজেন্ট ব্যাংকের ম্যানেজার হাবিবুর রহমান ও তার সহকারী সোহরাব। বিকেল সোয়া ৪টার দিকে তারা টাকা নিয়ে চান্দনা চৌরাস্তা কাঁচা বাজারের পশ্চিম পাশে কাজিমউদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের কাছে পৌঁছালে, ২-৩টি মোটরসাইকেল যোগে ছিনতাইকারীরা এসে তাদের গতিরোধ করে।
একপর্যায়ে তারা কয়েকটি ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং টাকা বহনকারী দুইজনকে মারধর করে। এরপর ওই এজেন্ট ব্যাংকিংয়ের টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাইকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
পলাশ/রিফাত/