চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত একজনের নাম খাদেজা আক্তার। সে স্থানীয় যাহেদিয়া দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী। আরেকজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ইমাম উদ্দিন চৌধুরী জানান, অল্পের জন্য আরও প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে। মাদরাসার শিক্ষার্থীরা সড়ক পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। সিএনজিচালিত অটোরিকশাটি সড়কে দাঁড়িয়ে ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক ধাক্কা দিলে অটোরিকশাটি পাশের পুকুরে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নিহতদের মরদেহ উদ্ধার করেন।
মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার হাদিম হায়দার চৌধুরী জানান, দুর্ঘটনার পর থেকেই পুলিশের একটি টিম কাজ করছে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইকবাল/রিফাত/