ডোপ টেস্টে প্রতিবেদন পজিটিভ হলে কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকবে না বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ। বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের নামোশংকরবাটী উচ্চবিদ্যালয় মিলনায়তনে ‘মাদকমুক্ত বাংলাদেশ গঠনে তারুণ্যের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
মো. হাসান মারুফ বলেন, ‘ডোপ টেস্ট নীতিমালা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। সেখানে সরকারি চাকরির ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। একইভাবে বিশ্ববিদ্যালয় ও কলেজে ভর্তিতেও শিক্ষার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হবে। ডোপ টেস্টের প্রতিবেদন পজিটিভ হলে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ হারাবে।’
তিনি বলেন, ‘যানবাহনের চালক ও কলকারখানায় যারা যন্ত্রাংশ পরিচালনা করেন, তাদের সবার জন্যও ডোপ টেস্ট বাধ্যতামূলক হয়ে যাবে। এটি বাস্তবায়িত হলে আমাদের দেশে মাদক নিয়ন্ত্রণ করা অনেক সহজ হবে।’
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. বিপ্লব কুমার মজুমদার এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, নামোশংকরবাটী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবীর।