চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর বিজয়ী হলে তার নির্বাচনি ফলাফল ও গেজেট প্রকাশ স্থগিত থাকবে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ সংক্রান্ত একটি আদেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান ওই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ প্রদান করেন।
আদেশ অনুযায়ী, সরওয়ার আলমগীর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। তবে তিনি জয়ী হলে ফলাফল ও গেজেট প্রকাশ স্থগিত রাখতে হবে। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২৮ এপ্রিল। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে।
জামায়াত প্রার্থীর প্রধান নির্বাচনি এজেন্ট ও আইনজীবী অ্যাডভোকেট ইসমাইল গণি বলেন, আদালতের এই আদেশ শুধু বিএনপি প্রার্থীর ক্ষেত্রে প্রযোজ্য। অন্য কোনো প্রার্থী বিজয়ী হলে ফলাফল বা গেজেট প্রকাশে কোনো আইনি বাধা নেই।
সংবাদ সম্মেলনে বক্তব্যে বলা হয়, সরওয়ার আলমগীরের বিরুদ্ধে ১১টি ব্যাংকের ৩৮টি ঋণে মোট ৪৬৪ কোটি টাকার খেলাপি ঋণের অভিযোগ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) রিপোর্টে তার নাম অন্তর্ভুক্ত রয়েছে বলে দাবি করা হয়।
এ তথ্য হলফনামায় গোপন করার অভিযোগে নির্বাচন কমিশনে আপিল করা হয়েছে বলেও জানানো হয়।
এছাড়া নির্বাচনি সহিংসতা ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, কাঞ্চননগর ও রোসাংগিরি ইউনিয়নে তাদের প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনা ঘটছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছে। এসব অভিযোগের প্রমাণ সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হবে বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, তারা আইনের শাসন প্রতিষ্ঠা এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
নাজমুল/মাহফুজ