চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে সংখ্যালঘু নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অধিকাংশ ভোটকেন্দ্রে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সাতকানিয়া উপজেলার উত্তর ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
ওই কেন্দ্রে ভোট দিতে আসা ধর্মপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ভোটার সবিতা দাশ বলেন, বিগত নির্বাচনগুলোতে মনের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা কাজ করত। কিন্তু এবার মাঠ পর্যায়ে সেনাবাহিনী থাকায় অনেকটা স্বস্তিতে ভোট দিতে এসেছি।
অপর ভোটার রুমা দে বলেন, আমি জীবনের প্রথম ভোট দিতে এসেছি। ভোটকেন্দ্রের পরিবেশ পুরোপুরি শান্তশিষ্ট। কোনো ধরনের আতঙ্ক নেই। উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে আমি অনেক খুশি।
কলেজপড়ুয়া সীমা দাশ বলেন, আমি বিগত ইউপি নির্বাচনে একবার ভোট দিয়েছিলাম। তখন কেন্দ্রে অনেক ঝামেলা হয়েছিল। কিন্তু এবারের পরিবেশ অনেক সুন্দর ও শান্তশিষ্ট।।
উত্তর ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মনছুরুল আলম বলেন, এই কেন্দ্রে সর্বমোট ৪ হাজার ২০৪ জন ভোটার রয়েছে। স্থায়ী ও অস্থায়ী মিলে ৮টি বুথে নারী ও পুরুষ ভোটাররা ভোট দিচ্ছেন।
আরিফুল ইসলাম/নাঈম