দীর্ঘ ২ বছর ধরে অনলাইনে খেলেছেন জুয়া। এই ২ বছরে দেনা হয়েছেন ১০ লাখ টাকা। দেনার কারণে দীর্ঘদিন ধরে নানা হতাশায় ভুগছিলেন রাশেদ দাড়িয়া নামে এক যুবক। তিনি পরিবারের পরামর্শে কাজের জন্য কয়েক দিনের মধ্যেই সৌদি আরব যাবেন। তাই যাওয়ার আগে এক মণ দুধ দিয়ে গোসল করে জুয়া খেলা ছাড়ার ঘোষণা দেন ওই যুবক।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ওই যুবকের দুধ দিয়ে গোসল করার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। দুধ দিয়ে গোসল করা ওই রাশেদ দাড়িয়া কোটালীপাড়া পৌরসভার ঘাঘরকান্দা গ্রামের হাচেন দাড়িয়ার ছেলে।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, অ্যালুমিনিয়ামের একটি বড় ডেকচির (পাত্র) মধ্যে রাখা হয়েছে এক মণ দুধ। পরে দুধ রাখা সেই পাত্রের মধ্যে বসে পড়েন রাশেদ। এরপর তার মা একটি মগ দিয়ে রাশেদের মাথায় দুধ ঢেলে গোসল করিয়ে দিচ্ছেন। আর এ দৃশ্য রাশেদ তার মোবাইল ফোনে ধারণ করে নিজের ফেসবুকে পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়। এ দিকে রাশেদের এই জুয়া খেলা থেকে ফিরে আসার জন্য অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী।
তিনি বলেন, আমি গত ২ বছর ধরে অনলাইনে জুয়া খেলি। এই জুয়া খেলায় এ পর্যন্ত প্রায় ১০ লাখ টাকার দেনা হয়েছি। এই দেনার কারণে দীর্ঘদিন ধরে নানা ধরনের হতাশায় ভুগছিলাম। পরিবারের লোকজনের পরামর্শে আমি কাজের জন্য কয়েক দিনের মধ্যে সৌদি আরবে যাচ্ছি। তাই যাওয়ার আগে দুধ দিয়ে গোসল করে জুয়া খেলা ছাড়ার ঘোষণা দিলাম।
রাশেদ আরও বলেন, আমি সব যুবক ভাইদের অনুরোধ করব আপনারা এই সর্বনাশা জুয়া কেউ খেলবেন না। এই জুয়া খেলায় কেউই লাভবান হতে পারে না। সবাই ধ্বংস হয়। আপনারা যারা এই জুয়া খেলেন তারা এ পথ থেকে ফিরে আসুন।
রাশেদের পাশের বাড়ির জলিল গাজী বলেন, দীর্ঘদিন ধরে জুয়ায় আসক্ত রাশেদ এখন জুয়া খেলা ছেড়ে দিয়ে সৌদি যাচ্ছে। আমরা তার মঙ্গল কামনা করছি।
বাদল সাহা/সুমন/