রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান জামিনে মুক্তি পাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের পুনরায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) তার স্বাক্ষরিত চিঠিতে রেঞ্জের আট জেলার পুলিশ সুপারদের (ডিএসপি) এ বিষয়ে সতর্ক থাকার কথা বলা হয়েছে।
চিঠিতে ডিআইজি শাহজাহান লিখেছেন, ‘পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আদিষ্ট হয়ে নিম্নোক্ত বিষয়গুলোর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।’ এরপর দুই দফা নির্দেশনা দেওয়া হয়।
প্রথম নির্দেশনায় বলা হয়েছে, যদি কোনো নিষিদ্ধ ‘ফ্যাসিস্ট’ সংগঠনের নেতা বা কর্মী জামিনে মুক্তির পর দলকে শক্তিশালী করতে পারে এবং মাঠে সক্রিয় থাকে, তাদের অন্য মামলায় গ্রেপ্তার দেখানো হবে। যারা এমন সক্ষমতা রাখে না, তাদের পুনরায় গ্রেপ্তার দেখানোর দরকার নেই।
দ্বিতীয় নির্দেশনায় বলা হয়েছে, ভিআইপি প্রটোকল ও নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে আইন ও বিধি মেনে চলতে হবে।
চিঠিতে উল্লেখ করা হয়, বিষয়টি আগে গ্রুপ মেসেজে পুলিশ সুপারদের জানানো হয়েছিল। এটি গুরুত্ব দিয়ে অনুসরণ করতে হবে। রাজশাহী রেঞ্জে অন্তর্ভুক্ত আটটি জেলা হলো–রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট।
ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, ‘চিঠিটি সঠিক। তবে এর ভুল ব্যাখ্যা করা হচ্ছে। এটি একটি বার্তা। আমরা মূলত গোয়েন্দা এসবিকে নির্দেশ দিয়েছি। মাঠে এটি বাস্তবায়ন হবে কী না বলা হয়নি। আমরা পর্যবেক্ষণের জন্য করেছি। জনগণের জানমালের নিরাপত্তা এবং মবদের বিষয়ে আগাম তথ্য পেতে যাতে পুলিশ ব্যবস্থা নিতে পারে।’