শরীয়তপুরের নড়িয়া উপজেলার পদ্মা নদীতে আকস্মিক কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে সিমেন্ট বোঝাই তিনটি ট্রলার ডুবে গেছে। এতে প্রায় ছয় হাজার ব্যাগ সিমেন্ট নদীতে তলিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার (২০ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার বাঁশতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিমেন্ট বোঝাই করে ট্রলারগুলো ঝালকাঠি, ইন্দুরকানি ও গৌরনদীর উদ্দেশ্যে রওনা দেয়। পথে নড়িয়ার পদ্মা নদীতে পৌঁছালে হঠাৎ বৈরী আবহাওয়া ও দমকা হাওয়ায় নদী উত্তাল হয়ে ওঠে। এ সময় ট্রলার চালকরা নিরাপদে তীরে ভেড়ানোর চেষ্টা করলেও প্রবল ঢেউয়ের আঘাতে একে একে তিনটি ট্রলার ডুবে যায়। তবে ট্রলারে থাকা চালক ও শ্রমিকরা দ্রুত নদীতে ঝাঁপ দিয়ে সাতরে তীরে উঠতে সক্ষম হন। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাহার মিয়া জানান, ঝড়ের কারণে ট্রলারডুবির খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
রাজিব হোসেস/সুমন/