সাতক্ষীরার শ্যামনগরে পূর্ব শত্রুতার জের ধরে কাঁকড়ার পয়েন্টে বিষ প্রয়োগে একটি খামারের প্রায় ১০ লাখ টাকার কাঁকড়া নিধনের অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৭ মার্চ) ভোরে এ ঘটনা ঘটেছে বলে বিল্লাল গাজী নামে এক খামারি এ অভিযোগ করেন। কাঁকড়া পয়েন্টের প্রতিবেশী আশরাফ আলী ঘটনাটি ঘটিয়েছেন বলে জানিয়েছেন বিল্লাল।
বিল্লাল গাজী উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের গ্রামের নাজিম গাজীর ছেলে ও জান্নাত এগ্রো ফিশারিজের মালিক। অভিযুক্ত আশরাফ আলী বুড়িগোয়ালিনী দাঁতিনাখালী গ্রামের ছবেদ আলী গাজীর ছেলে।
ক্ষতিগ্রস্ত বিল্লাল গাজী জানান, শুক্রবার (২৭ মার্চ) ভোর রাতে কর্মচারীরা পয়েন্টে গিয়ে দেখতে পান পানিতে থাকা বক্সে অধিকাংশ কাঁকড়া মরে ভেসে উঠেছে।
পূর্ব শত্রুতার জেরে কাঁকড়া পয়েন্টের প্রতিবেশী আশরাফ আলী ঘটনাটি ঘটিয়েছেন দাবি করে তিনি বলেন, ‘গত দুই দিন আগে আশরাফ আলী সঙ্গে আমার ঝামেলা হয়। সেই সূত্র ধরে আমার পয়েন্টে থাকা বিপুল পরিমাণ কাঁকড়া রাতের মধ্যে বিষ দিয়ে মেরে ফেলা হয়েছে। এতে আমার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে বলে আমি মনে করি।’
তিনি জানান, এ ঘটনায় তাৎক্ষণিক ৯৯৯ ফোন দিয়েছিলাম এবং শ্যামনগর থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে আশরাফ আলী বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। মূলত আমার বিরুদ্ধে শত্রুতা করে এমন অভিযোগ তুলেছে বিল্লাল। তবে বিল্লাল গাজীর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়েছে বলে স্বীকার করেছেন তিনি।
এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, এমন ন্যাক্কারজনক ঘটনা এলাকায় আগে খুব একটা দেখা যায়নি। তারা বলেন, কারও সঙ্গে শত্রুতা থাকলে এভাবে জীবিকা ধ্বংস করা কোনোভাবেই মানবিক নয়। যারা এ কাজ করেছে তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা উচিত।
এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত শ্যামনগর থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিরাজ/মাহফুজ