প্রতারণা করে স্বর্ণ হাতিয়ে নেওয়ার সময় প্রতারক চক্রের দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
বুধবার (১ এপ্রিল) দুপুরে রংপুরে কাউনিয়ার উপজেলার সারাই ইউনিয়নের সারঙ্গপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন, আগুন জমাদার ও শহীদুল্লাহ। আগুন জমাদারের বাড়ি বগুড়ায় এবং শহীদুল্লাহর বাড়ি জামালপুরে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, সারাঙ্গপুর গ্রামের বুলবুল ইসলামের বাড়িতে দুপুর ১২টার দিকে প্রতারক চক্রের ওই দুই সদস্য স্বর্ণকার পরিচয়ে প্রবেশ করেন। এ সময় তারা বাড়িতে থাকা ভাঙা স্বর্ণের জিনিস মেরামত করে দেন বলে জানালে বুলবুলের স্ত্রী তার ভেঙে যাওয়া কানের দুল এনে দেন। এ সময় বুলবুল বাড়িতে ছিলেন।
তারা স্বামী-স্ত্রী দাঁড়িয়ে দুল মেরামত করা দেখছিলেন। একপর্যায়ে প্রতারক চক্রের সদস্যরা কৌশলে দুলগুলো গলিয়ে ফেলেন। আসল স্বর্ণ সরিয়ে হাতের ফাঁকে থাকা নকল স্বর্ণ তাদের হাতে তুলে দিয়ে তারা বলেন, শহরের কোনো স্বর্ণকারের কাছে গিয়ে সুবিধামতো দুল বানিয়ে নেবেন।
তাদের এ প্রতারণা ধরে ফেলেন ওই দম্পত্তি। পরে তাদের আটক করে চিৎকার দিলে আশেপাশের লোকজন জড়ো হন। এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ তাদের আটক করে হারাগাছ মেট্রোপলিটন থানায় নিয়ে যায়।
বুলবুল ইসলাম বলেন, ‘তাকে দুল ভালো করতে দিলে সে তা গলিয়ে নকল স্বর্ণে দলা দেয়। আমরা তাকে আটক করে পুলিশে দিয়েছে। সে স্বীকার করেছে এভাবে প্রতারণা করেই তারা চলেন।’
হারাগাছ মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান খবরের কাগজকে বলেন, ‘প্রতারক চক্রের ওই দুই সদস্যকে আটক করে থানায় আনা হয়েছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন। তবে প্রতারক চক্রের সদস্যরা তাদের নাম ঠিকানা একেক সময় একেক রকম বলছেন। তা যাছাই-বাছাই করা হচ্ছে।’
সেলিম সরকার/অমিয়/