চুয়াডাঙ্গার জীবননগরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে রাসেল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার বাঁকা ইউনিয়নের ঘোষনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল ঘোষনগর গ্রামের রেজাউল হোসেনের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে রাসেল বাড়ির পাশের একটি কৃষি জমিতে তামাকের খড়ি গোছানোর কাজ করছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, কিন্তু জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে রাসেল নামের এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মিজানুর রহমান/নাঈম