কক্সবাজারের সীমান্তবর্তী টেকনাফ এলাকায় অভিযান চালিয়ে তিনটি বিদেশি রাইফেল, গোলাবারুদ ও ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী।
সোমবার (২৭ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালিয়েছে নৌবাহিনী।
এর আগে, রবিবার (২৬ এপ্রিল) রাতে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডসসহ দুটি আভিযানিক দল টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় এ অভিযান চালিয়ে এসব অস্ত্র জব্দ করে।
জানা গেছে, অভিযানের সময় ওয়ারেন্টভুক্ত আসামি ভুট্টু সাইফুলের সহযোগী এম দেলোয়ার হোসেনের বাড়ি তল্লাশি করে দুটি জি-থ্রি রাইফেল, একটি এমএ-ওয়ান রাইফেল, আটটি ম্যাগাজিন, ১৯০ রাউন্ড তাজা গোলা ও ১০ রাউন্ড খালি কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় পাচারের জন্য মজুত রাখা ২৮ হাজার পিস ইয়াবাও জব্দ করা হয়। পরে জব্দ করা অস্ত্র, গোলাবারুদ ও মাদক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ নৌবাহিনী তার দায়িত্বরত এলাকায় মাদক, অস্ত্র উদ্ধার, সন্ত্রাস ও অপরাধ দমনের লক্ষ্যে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। সার্বিক নজরদারিবৃদ্ধিসহ জাতীয় নিরাপত্তা নিশ্চিতে নৌবাহিনী দৃঢ়তার সঙ্গে কাজ করে যাচ্ছে বলে জানিয়ে যাচ্ছে আইএসপিআর।
আলমগীর হোসেন/নাঈম