রেমিট্যান্স যোদ্ধাদের ভোগান্তি লাঘব ও আইনি সহায়তা দিতে দেশে প্রথমবারের মতো ‘অনলাইন গণশুনানি’ হয়েছে। এটি আয়োজনের মধ্যদিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
গতকাল বুধবার অনুষ্ঠিত এই শুনানিতে প্রবাসীরা সরাসরি যুক্ত হয়ে জমিজমা বিরোধ ও চাঁদাবাজিসহ বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধান পান। প্রবাসীদের অবদানকে স্বীকৃতি দিয়ে প্রতি বুধবার এই ডিজিটাল সেবা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গণশুনানিতে জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তারা অনলাইনে যুক্ত হন।
প্রবাসীদের অভিযোগ শোনার পরপরই জেলা প্রশাসক সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। যেসব বিষয়ে তদন্ত প্রয়োজন, সেগুলোয় পুলিশকে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়।
জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, ‘প্রবাসীরা অকুতোভয় যোদ্ধার মতো পরিবার থেকে দূরে থেকে দেশের জন্য রেমিট্যান্স পাঠান। তাদের পাঠানো অর্থেই দেশের অর্ধেকের বেশি আমদানি ব্যয় মেটানো হয়। তাদের এই ত্যাগ ও অবদানকে সম্মান জানাতেই আমরা এই গণশুনানির আয়োজন করেছি।’
গণশুনানিতে কাতারপ্রবাসী রাঙ্গুনিয়ার রানা সুশীলের আত্মসাৎ করা অর্থ উদ্ধারের আবেদন জানান। বিষয়টি গুরুত্ব দিয়ে জেলা প্রশাসক সংশ্লিষ্ট থানা ও উপজেলা প্রশাসনকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। তিনি জানান, প্রবাসীদের লিখিত অভিযোগ আগেই সংগ্রহ করে মন্ত্রণালয় ও দূতাবাসের মাধ্যমে আবেদনকারীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ‘শুধু অভিযোগ শোনা নয়, দ্রুত সমাধান নিশ্চিত করাই আমাদের লক্ষ্য,’ বলেন তিনি।
জেলা প্রশাসক আরও বলেন, ‘প্রযুক্তির কল্যাণে প্রবাসীরা দূরে থেকেও আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারছেন। আমরা তাদের জানাতে চাই—তারা দূরে নন, আমরা তাদের পাশেই আছি।’
জেলা প্রশাসন সূত্র জানায়, অভিযোগগুলোর বেশির ভাগই জমি দখল, অর্থ আত্মসাৎ, মিথ্যা মামলা ও চাঁদাবাজি সংক্রান্ত। অনেক প্রবাসী দেশে থাকা সম্পত্তি দখল ও হয়রানির শিকার হওয়ার কথাও জানিয়েছেন।
ওমানপ্রবাসী নুর মোহাম্মদ সম্পত্তি জবরদখল ও অর্থ আত্মসাতের অভিযোগ করেন। কাতারপ্রবাসী মোহাম্মদ আনোয়ার নিজস্ব সম্পত্তি থেকে উচ্ছেদের চেষ্টা ও প্রাণনাশের হুমকির কথা জানান। সৌদি আরব, দুবাই ও আবুধাবিপ্রবাসীসহ আরও কয়েকজন একই ধরনের অভিযোগ তুলে ধরেন।
এসব অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে জেলা প্রশাসক বলেন, ‘প্রবাসীরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তাদের সম্পত্তি ও অধিকার রক্ষায় প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।’
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, সাপ্তাহিক গণশুনানিতে অনেক মানবিক আবেদন তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি করা হয়। জরুরি ক্ষেত্রে আর্থিক সহায়তাও দেওয়া হয়। অন্যান্য সমস্যার সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়। অগ্রগতি সম্পর্কে আবেদনকারীদের অবহিত করা হয়।
এই উদ্যোগের ফলে জেলা প্রশাসনের গণশুনানিতে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ছে বলে জানান সংশ্লিষ্টরা।
গণশুনানিতে উপপরিচালক (স্থানীয় সরকার) গোলাম মাঈনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত এবং অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল উপস্থিত ছিলেন।