কালুরঘাট কর্ণফুলী নদীর ওপর রেলসেতুতে ঢাকাগামী বিশেষ পর্যটকবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (১৬ মে) দুপুর ১টা ১১ মিনিটে জোয়ারের উত্তাল নদীর ওপর প্রায় ৮০০ যাত্রী নিয়ে ট্রেনটি ১৫ থেকে ১৬ মিনিট দাঁড়িয়ে থাকায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী বিশেষ পর্যটক ট্রেনটি দুপুর ১টা ১১ মিনিটে কালুরঘাট সেতু পার হওয়ার সময় হঠাৎ মাঝনদীতে আটকে যায়। ওই সময় পূর্ণ জোয়ারের কারণে কর্ণফুলী নদীর পানি কানায় কানায় পূর্ণ (তই-তই) ছিল। জোয়ারের উত্তাল নদীর ঠিক ওপরে মাঝসেতুতে ট্রেনটি দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।
এ বিষয়ে জানতে চাইলে চান্দগাঁও মোহরা জানালীহাট রেলওয়ে স্টেশন মাস্টার মো. নেজাম উদ্দিন বলেন, ট্রেনের ইঞ্জিন দুর্বল (ত্রুটিযুক্ত) হওয়ার কারণে সেতুর ওপর এই যান্ত্রিক গোলযোগের সৃষ্টি হয়। পরবর্তীতে ট্রেনটিকে কিছুটা পেছনে (ব্যাক) নিয়ে এসে ত্রুটি সাময়িক মেরামত করা হয়। প্রায় ১৫ থেকে ১৬ মিনিট পর ট্রেনটি পুনরায় কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
রেলওয়ের তাৎক্ষণিক পদক্ষেপে ট্রেনটি নিরাপদ গন্তব্যে রওনা হওয়ায় স্বস্তি ফিরে আসে এবং একটুর জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান ট্রেনে থাকা প্রায় ৮০০ যাত্রী। তবে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এই রেলসেতুতে দুর্বল ইঞ্জিন দিয়ে ট্রেন পরিচালনার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী যাত্রীরা।
রিফাত/