সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে সিলেট বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪০ জনে।
মঙ্গলবার (১৯ মে) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মারা যাওয়া তিন শিশুর সবাই হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এর মধ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৬ মাস বয়সী ইশিতা কাহের মারা যায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এ ছাড়া মৌলভীবাজার সদরের ৯ মাস বয়সী সুমিতা ও সিলেট সদরের ৯ মাস বয়সী লাবিবা মারা যায় সিলেট শহিদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯২ জন সন্দেহভাজন হামরোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মোট ২৮১ জন। এর মধ্যে শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭০ ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭৭ জন চিকিৎসা নিচ্ছে। মারা যাওয়া ৪০ জনের মধ্যে ৪ জন নিশ্চিত হামে ও ৩৬ জন উপসর্গে মারা গেছে।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুনির ওমর রাশেদ জানান, হামের প্রকোপ বাড়ায় ওসমানী হাসপাতালে ২০টি এবং শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪টি আইসিইউ বেড সংযোজন করা হয়েছে।
সালমান/