সিলেটের জৈন্তাপুর উপজেলা ফতেহপুর ইউনিয়নের শিকারখা গ্রামে পানিতে ডুবে দুইটি শিশুর মৃত্যু হয়েছে। চাচার সঙ্গে গরু চরাতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারিয়েছে দুই শিশু। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন।
নিহতরা হলো জৈন্তাপুর উপজেলার শিকারখা গ্রামের কবির আহমেদের মেয়ে রাফা আক্তার মাঈশা (৫) এবং তার বড় ভাই সালেহ আহমেদের ছেলে মেহেদী হাসান মুন্না (৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২২ মে) দুপুর ২টায় চাচা জাকারিয়া হাওরে গরু চরাতে যাওয়ার সময় তার পিছু নিয়ে যায় শিশুরা। পরে তিনি তাদের বাড়িতে রেখে যান। কিন্তু আবারও বাড়ির পার্শ্ববর্তী ‘রাহুর খাল’ নামে পরিচিত খালের পাশে যায় তারা।
এ বিষয়ে দুই শিশুর চাচা জাকারিয়া জানান, 'দুপুরে গরু চরাতে যাওয়ার সময় আমার ভাতিজা-ভাতিজি আমার সঙ্গে যায়। পরে তাদের বাড়িতে রেখে আসি। হঠাৎ মানুষের চিৎকার শুনে খালের পাশে গিয়ে দেখি রাহুর খাল থেকে তাদের উদ্ধার করা হচ্ছে। পরে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তারা কিভাবে আবার খালের কাছে গেল আমরা কেউই জানি না।'
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবর রহমান মোল্লা জানান, ঘটনাস্থলে আমি গিয়েছিলাম। নিহত দুই শিশুর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
আমান/