চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে মৌমাছির কামড়ে এক ফুটবল সমর্থক আহত হয়েছেন।
মঙ্গলবার (২ জুন) সকালে উপজেলার ডাঙ্গারচর ইউনিয়নের ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
আহত সিরাজুল ইসলাম হৃদয় (৪৮) কর্ণফুলী উপজেলা আর্জেন্টিনা ফুটবল টিম সাপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার জলসা মার্কেট থেকে ৫৫০ টাকা দিয়ে ২০ ফুট দৈর্ঘ্যের একটি আর্জেন্টিনার পতাকা কিনে আনেন হৃদয়। মঙ্গলবার সকালে অফিসে যাওয়ার আগে নিজের বাড়ির সিঁড়িঘরের কার্নিশে পতাকাটি টাঙাতে ওঠেন তিনি। এ সময় হঠাৎ মৌমাছির ঝাঁক তাকে আক্রমণ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মৌমাছির আক্রমণের মুখে দ্রুত নিচে নামার চেষ্টা করলে তার বাম হাঁটু ও পায়ের নিচের অংশে দুটি মৌমাছি হুল ফোটায়। পরে তিনি স্থানীয় চিকিৎসকের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নেন।
সিরাজুল ইসলাম হৃদয় বলেন, ‘পতাকা টাঙাতে গিয়ে দুর্ঘটনার নানা খবর আগেও শুনেছি। সে কারণে শুরু থেকেই সতর্ক ছিলাম। কিন্তু তারপরও মৌমাছির আক্রমণের শিকার হতে হয়েছে। ওষুধ খাওয়ার কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও ব্যথা পুরোপুরি কমেনি।’
স্থানীয় বাসিন্দারা জানান, ফুটবল বিশ্বকাপ কিংবা বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট সামনে এলে এলাকাজুড়ে বিভিন্ন দেশের সমর্থকরা নিজেদের প্রিয় দলের পতাকা টাঙিয়ে সমর্থন প্রকাশ করেন। এ ঘটনায় এলাকাবাসী আহত সমর্থকের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
আতিকুল হা-মীম/সালমান/